কুড়িগ্রামে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমা গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে। ইজতেমায় কয়েক হাজার মুসল্লি অংশ নিচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইজতেমায় তাবলিগ জামাতের কেন্দ্রীয় শ‌ুরা সদস্য ও কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক হোসেনসহ ঢাকা থেকে আসা একাধিক মুরব্বি মুসল্লিদের উদ্দেশে বয়ান করবেন। কাল শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
জেলা মার্কাজ মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমায় জেলার ৯ উপজেলা থেকে ২৫ হাজার মুসল্লি অংশ নিচ্ছেন। তবে এবার নারীরা অংশ নিতে পারছেন না। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল সকাল থেকে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
কুড়িগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, ইজতেমার সাদাপোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।
তাবলিগ জামাতের কুড়িগ্রাম জেলার শ‌ুরা সদস্য আতাউর রহমান বলেন, ‘টঙ্গীর ইজতেমায় জায়গাসংকুলান না হওয়ায় কুড়িগ্রামসহ দেশের ৩২টি জেলায় মিনি বিশ্ব ইজতেমা হবে। এ ছাড়া প্রশাসনের পাশাপাশি আমাদের শত স্বেচ্ছাসেবক কাজ করছেন।’