কুড়িগ্রামে তিন শতাধিক পরিবার ভাঙনের শিকার
ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুরে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত তিন সপ্তাহে তিন শতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে।
সদর উপজেলার চর যাত্রাপুরে নদের পাড়ের বাসিন্দা সরাফত উদ্দিন (৬০) বলেন, ‘কোন দিন ভাববার পাই নাই হামার বাড়ি ভাঙবে। বুধবার বাড়ি সরায় নিছি। নিজের জমি নাই। একজনের জমিত উঠছি।’
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, নদের তীব্র স্রোতে পাড়ে মাটির বড় বড় চাঁই ভেঙে পড়ছে। সদর উপজেলার চরযাত্রাপুর থেকে পাঁচগাছি ইউনিয়নের ঘনশ্যামপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় ভাঙন চলছে। নদের পাড়ের গ্রামের অনেক পরিবার ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। যাত্রাপুর হাট ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে পড়েছে। যেকোনো সময় বিলীন হয়ে যাবে।
কাছেই আবেদ আলী (৪৫) বাড়িঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন। অনেক গাছ মাটিতে পড়ে আছে। গৃহবধূ আমেনা বেগম (৩৫) বলেন, ‘তিন বছর আগে বাড়ি থাকি নদ দুই কিলোমিটার দূরে আছিল। সরকার চেষ্টা করলে ঠেকপার পারিল হয়। করে নাই।’ এখানে উপস্থিত সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) আইয়ুব আলী বলেন, ‘তিন সপ্তাহ আগে আমার পাকা বাড়ি ভেঙে নিয়ে গেছি। চরযাত্রাপুরে ৩০০ পরিবার ছিল এদের মধ্যে শতাধিক পরিবার অন্যত্র চলে গেছে।’
স্থানীয় লোকজন অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলাতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তারা জরুরি কাজের নামে ঠিকাদার নিয়োগ করেছে। ঠিকাদার বস্তায় বালু ভরছে। তিন সপ্তাহ আগে এ বস্তা পাড়ে ফেললে প্রাথমিক বিদ্যালয়টি রক্ষা পেত। এখন পানি বাড়ছে। এখন ফেলবে। কোনো লাভ হবে না। টাকা পানিতে যাবে।
ব্যবসায়ী আবদুস সোবান ব্যাপারী বলেন, নদ যেভাবে এগিয়ে আসছে তাতে হাটটি ভাঙা সময়ের ব্যাপার মাত্র। চরযাত্রাপুর থেকে দক্ষিণ দিকে ঘনশ্যামপুর পর্যন্ত পাঁচ কিলোমিটারজুড়ে ভাঙন চলছে। এর মধ্যে রয়েছে চরপার্বতীপুর, ফরাজী পাড়া, বলদিপাড়া ও গারুহারা।
ফরাজী পাড়ার আবদুস ছালাম বলেন, ‘নদের ভাঙনরোধে আমরা মিছিল-মিটিং ও মানববন্ধন করে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। এলাকাগুলো বিলীন হতে চলেছে।’
যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবদুল গফুর বলেন, ‘গত তিন সপ্তাহে এ এলাকার তিন শতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। বিষয়টি স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’
এ প্রসঙ্গে পাউবো উপসহকারী প্রকৌশলী আবদুল কাদের বলেন, ‘টাকা না থাকায় যাত্রাপুরে কাজ করতে পারছি না। ঊর্ধ্বতন মহলকে জানিয়েছি, বরাদ্দ না পেলে আমরা কি করতে পারি। তার পরও বিদ্যালয়ের ভাঙন ঠেকাতে জরুরিভিত্তিতে ঠিকাদারকে বালু ভরে রাখতে বলেছি।’