কুড়িগ্রামে তিস্তার তীব্র ভাঙন, অর্ধশত বসতবাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে প্রায় অর্ধশত পরিবারের বসতভিটা তিস্তা নদীতে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে আছে বিদ্যালয়, মসজিদ, মন্দির, বাজার ও প্রায় ১৫০ বাড়িঘর।
গত বৃহস্পতিবার বিদ্যানন্দ ইউনিয়নের তৈয়বখাঁ মৌজায় গিয়ে দেখা গেছে, প্রচণ্ড স্রোতের টানে তৈয়বখাঁ, সোমনারায়ণ, রতিদেব, গাবুরহালান, মাজা পাড়া, রতিদেব গ্রামের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে চলছে ভাঙন। ঝুঁকির মুখে পড়েছে তৈয়বখাঁ জামে মসজিদ, বিদ্যানন্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, তৈয়বখাঁ সর্বজনীন মন্দির এবং তৈয়বখাঁ বাজারের প্রায় ৩৫টি ব্যবসাপ্রতিষ্ঠান। এখানকার পরিবারগুলো গৃহস্থালি জিনিসপত্র সরিয়ে নিচ্ছে।
বাজার মসজিদের মুয়াজ্জিন আবদুল হাই প্রথম আলোকে বলেন, ‘প্রায় ২৫ বছর ধরে এই মসজিদে আজান দিয়ে আসছি। এমন ভাঙন আর দেখি নাই। মসজিদটি যেকোনো সময় ভেঙে যাবে।’
মুদি দোকানি আবদুর রহিম বলেন, ‘তিস্তায় আবাদ সউগ খায়া নিছে। এবার বসতভিটা গেইল।’
সোলাগারী পশ্চিম মাথার বাসিন্দা আইজার রহমান ও হালিমা খাতুন বলেন, ‘পানি খালি পাক দিয়া আইসে। পাড় ভাঙ্গি পড়ে। এই পর্যন্ত ৫ থেকে ৭ বার বাড়ি সরাইছি। তাও নদী পিছু ছাড়ছে না। এবার আর যাওয়ার জাগা নাই।’
দিনমজুর আজিজুল ইসলাম ঘরবাড়ি সরিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, তৈয়বখাঁ বাজারের পাশে ছয়টি বাড়ি, পাঁচটি দোকান এরই মধ্যে ভেঙে গেছে। গত কয়েক দিনে নুরজামাল, সুরতজামাল, রফিকুল বাড়ি সরিয়ে নিয়েছেন। নদীর ধারে অবস্থিত ঘরবাড়ি অনেকে সরাতে পারছে না জায়গার অভাবে। তাঁদের মধ্যে দিনমজুর রেজাউল বলেন, ‘আমার বাড়িঘর ভাঙি যাচ্ছে। ঘর তোলার জাগা নাই। কেউ জাগা দেয় না। যার বাড়ি যাই, কয় আমার জাগা নাই। এখন পরিবার নিয়ে কোটে যাই?’
বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাইজুল ইসলাম বলেন, কয়েক বছর ধরে ইউনিয়নের ৭০ ভাগ এলাকায় ভাঙনে শত শত বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। গত দুই সপ্তাহে অন্তত ৪৫টি পরিবারের বসতভিটা নদী গ্রাস করেছে। এখন তৈয়বখাঁ এলাকার হাটবাজার, স্কুল, মসজিদ-মন্দিরসহ ঘরবাড়ি বিলীন হওয়ার জোগাড়। পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) লিখিতভাবে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। শুকনো মৌসুমে না করে এখন বর্ষায় পাইলিংয়ের কাজ শুরু করেছে।
পাউবোর কুড়িগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, ভাঙনকবলিত তৈয়বখাঁর ২৫০ মিটার এলাকায় অস্থায়ী তীর প্রতিরক্ষার কাজ শুরু হয়েছে। পাইলিং ও জিও ব্যাগ ফেলার কাজ চলছে।
কার্যালয়টির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। পাওয়া গেছে ৬০ লাখ টাকা।