কুড়িগ্রামে দুই তরুণের ১০ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে নুর হোসেন (২৫) ও রাশেদুল হক (২৩) নামের দুই তরুণকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গত মঙ্গলবার কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমজাদ হোসেন এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আবদুর রাজ্জাক বলেন, এক এসএসসি পরীক্ষার্থীকে স্কুলে যাতায়াতের সময় উপজেলার তবকপুর সরদারপাড়ার নুর হোসেন ও রাশেদুল হক উত্ত্যক্ত করতেন। এ নিয়ে ওই ছাত্রীর পরিবার নুর হোসেন ও রাশেদুল হকের অভিভাবকের কাছে বিচার দেয়। এর জের ধরে ২০০৯ সালের ১৪ এপ্রিল দুপুরে স্কুল থেকে ফেরার পথে নুর হোসেন, রাশেদুলসহ চারজন মিলে ওই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা করেন। তার আর্তচিৎকারে লোকজন ছুটে এলে নুর হোসেন জনতার হাতে আটক হন। খবর পেয়ে নুর হোসেনের আত্মীয়স্বজন এসে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। থানা মামলা না নেওয়ায় ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে।