কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্বেচ্ছাশ্রমে পাইলিং
‘ঘুম হারাম হয়া গেইছে বাহে। ধরলা নদীর ভাঙনে বাড়িভিটা গেইছে। এ্যালা জমিত ধান লাগাইছি সেগলা ভাঙবার নাগছে।’ কথাগুলো কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের নানকা গ্রামের দুই ভাই সুখি ও দুখীর।
তাঁরা আরও বলেন, ‘শুকনো মৌসুমে এ এলাকার ৫ কিলোমিটারজুড়ে ব্যাপক ভাঙন চলছে। গত বন্যার পর থেকে এ এলাকায় তিন শতাধিক পরিবার ভিটামাটি হারিয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে স্থানীয় মানুষ বসতভিটা ও ফসিল জমি রক্ষায় ভাঙনরোধে গ্রাম থেকে বাঁশ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাইলিং দিচ্ছেন।’
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ইউনিয়নের শুধু নানকার নয়, এর সঙ্গে সাতভিটা, কাইম বড়াইবাড়ী, নন্দদুলালের ভিটা, জগমোহনের চর গ্রামজুড়ে নদীর ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আবাদি জমি।
নানকার গ্রামের কৃষক হবিবর রহমান বলেন, গত দু-তিন বছরে তাঁর ৫০ বিঘা ফসলি জমি, পাকা বাড়ি ধরলা নদীতে বিলীন হয়েছে। এখন ফুফাতো ভাইয়ের হাত-পা ধরে তাঁর জায়গায় ঠাঁই নিয়েছি। তাঁর বাড়িতে তিনজন কাজের লোক ছিলেন। এখন তাঁকে পরের বাড়িতে কামলা দিতে হচ্ছে। কথাগুলো বলে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকলেন তিনি। তাঁর স্ত্রী আঞ্জুমান আরা বলেন, ‘নেকানেকি করি কী হইবে। হামার কপাল পুড়ি গেইচে, তাক কী ফেরত পামো।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, একদিকে নদী ভাঙছে। অন্যদিকে নদীর তীরে কৃষকেরা জমিতে ধান লাগাচ্ছেন। পানি দিচ্ছেন।
নানকার ও নন্দদুলালের ভিটা এলাকার ছানছার আলী (৭০), ফিচারী (৭২), লোকমান (৫৬), আবদুল হাকিম (৫২), মেহেরভান (৩৮) ও ছকিনা (৪৫) বলেন, গত দু-তিন বছরে এই এলাকার দেড় শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভেঙে গেছে একরের পর একর ফসিল জমি। হুমকির মুখে রয়েছে নন্দদুলালের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। মাত্র ২০ ফুট দূরেই প্রবাহিত হচ্ছে ধরলা নদী। প্রতিবছর বর্ষা মৌসুমে রিলিফ আর বাড়ি ভাঙার তালিকা নিয়ে লোকজন চলে যান, কিন্তু ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেন না। এলাকার মানুষ রিলিফ চান না। তাঁরা ভাঙন প্রতিরোধে সরকারের সহযোগিতা চান।
নন্দদুলালের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মালেক বলেন, ‘আড়াই শ শিক্ষার্থী নিয়ে এই দ্বিতল শিক্ষাপ্রতিষ্ঠানটি আগামী বছর টিকবে কি না সন্দেহ রয়েছে। অনেক দেনদরবার করলেও সরকারিভাবে এটি রক্ষার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে আমরা হতাশ।’
পাইলিং কাজের উদ্যোক্তা মজিবর রহমান (৪৬) বলেন, ‘আমরা পাউবো, স্থানীয় চেয়ারম্যানকে ভাঙন পরিস্থিতি দেখাচ্ছি। তারা বলেছেন ঊর্ধ্বতন মহলে জানিয়েছি। ব্যবস্থা নেবে। এখন পর্যন্ত ভাঙনরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
এ প্রসঙ্গে কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, কুড়িগ্রামে ধরলা নদীর বাঁ ও ডান তীরের ভাঙনকবলিত এলাকার জন্য প্রকল্প তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।