কুড়িগ্রামে নদীভাঙন ৫২ পরিবার গৃহহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে গত এক সপ্তাহে দুধকুমার নদের ভয়াবহ ভাঙনে ৫২টি পরিবার ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পাটোয়াতলার শুকুর আলী বলেন, ‘নদী যে হারে ভাঙ্গবার নাগছে, তাতে নুনখাওয়া বাজার এইবারই শ্যাষ হয়া যাবে। হামরা চেয়ারম্যানোক এত কই, কিছু একটা ব্যবস্থা করেন। তায় কোনো ব্যবস্থায় নেয় না।’ এ ধরনের কথা জানান একই এলাকার বাচ্চু, রফিকুল, ছামাদ, ছকিনাসহ কয়েকজন।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, নুনখাওয়ায় দুধকুমার নদের তীব্র স্রোতে দুই কিলোমিটার এলাকায় ভাঙন চলছে। নদীর পাড় ভেঙে পড়ছে। চর পাটতোলা, শাড়িশুরী গ্রাম ও ফকিরগঞ্জ চরে ভাঙনের তীব্রতা বেশি। ফলে নদীতীরবর্তী লোকজন বসতভিটা হারিয়ে নদীতীর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে বাঁধের প্রায় আধা কিলোমিটার বিলীন হয়ে গেছে। লোকজন দিশেহারা হয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। শাড়িশুরী নৌঘাট এলাকায় নদীভাঙনকবলিত মনিহারি দোকানদার মালেক বলেন, ‘নদী হামার শ্যাষ করছে। এইবার নিয়া তিনবার দোকানঘর সরালং।’নুনখাওয়া বাজারের ওষুধ ব্যবসায়ী তাহের উদ্দিন জানান, ভাঙতে ভাঙতে নদটি বাজার থেকে এক-দেড় শ গজের মধ্যে চলে এসেছে। যেভাবে ভাঙছে তাতে নুনখাওয়া উচ্চবিদ্যালয়, দাখিল মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ ও বাজারটি হুমকির মুখে পড়েছে। ভাঙন রোধের কোনো ব্যবস্থা না নিলে এ বছরই বাজারটি বিলীন হয়ে যাবে।২ নম্বর ওয়ার্ডের সদস্য পারুল বেগম জানান, গত এক সপ্তাহে কাইম চর পাটতোলার ৩৩টি পরিবার গৃহহীন হয়েছে। তারা এখন সেখান থেকে বসতবাড়ি সরিয়ে নিচ্ছে। এদিকে পাটোয়াতলার আরও কয়েকটি পরিবার বসতভিটা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। বিশেষ করে বাঁধে আশ্রয় নেওয়া ভূমিহীনেরা মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে। ৪ নম্বর ওয়ার্ডের ফকিরগঞ্জ চরে চারটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মালেক জানান, গত চার দিনে একটানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তীব্র নদীভাঙনে শাড়িশুরী গ্রামের ১৩টি পরিবার গৃহহীন হয়ে পাশের পাটতোলা মাঝের চরে আশ্রয় নিয়েছে।নুনখাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজালাল উদ্দিন মোল্লা বলেন, ‘আমার ইউনিয়নের নয়টি ওয়ার্ডে প্রতিদিন গড়ে একটি পরিবার নদীভাঙনের শিকার হচ্ছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে দাখিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ও বাজারটি নদীগর্ভে চলে যাবে। ভাঙনের কথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।’