কুড়িগ্রামে নদীর পানি বৃদ্ধি, দুর্ভোগ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সে সঙ্গে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। এতে অনেক পরিবার গৃহহারা হয়ে পড়েছে। ঝুঁকির মুখে রয়েছে আরও অনেক পরিবার ও প্রতিষ্ঠান। স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সোনাভড়ি নদীর ভাঙনে রাজীবপুর উপজেলা সদর ঝুঁকির মুখে পড়েছে। নদী থেকে উপজেলা সদরের দূরত্ব কমে দাঁড়িয়েছে এক হাজার ফুটের মতো। এ ছাড়া কুড়িগ্রাম শহররক্ষা বাঁধ, কাঁঠলবাড়ীর বাংটুর ঘাট, পাঁচগাছি কদমতলা ও মোগলবাসা এলাকায় ধরলা নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ভাঙনের তীব্রতা এত বেশি যে কেউ কেউ মালপত্র সরিয়ে নেওয়ারও সময় পাচ্ছে না। কুড়িগ্রাম সদর, উলিপুর ও ফুলবাড়ী উপজেলার আটটি ইউনিয়নের শতাধিক চর, দ্বীপচর ও নদীসংলগ্ন গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার মানুষ। এসব গ্রামের রাস্তাঘাট, আমন বীজতলা, পাট ও সবজিখেত পানিতে তলিয়ে গেছে। প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান জলমগ্ন হয়ে পড়ায় পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র গতকাল বিকেলে জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলায় ৬৮ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রে ২০ সেন্টিমিটার ও তিস্তায় ৪৩ সেন্টিমিটার পানি বেড়েছে। হলোখানা, পাঁচগাছি, ভোগডাঙা, ঘোগাদহ, বেগমগঞ্জ, বুড়াবুড়ি, মোগলবাসা, শিমুলবাড়ী ও বড়ভিটা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেকেই নিরাপদ আশ্রয়ে যাচ্ছে।তিস্তার পানি বৃদ্ধি: নীলফামারী প্রতিনিধি জানান, টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানির চাপ সামলাতে পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারাজের সব কটি (৪৪টি) স্লুইসগেট খুলে দিয়েছে। পানির তোড়ে বাইশপুকুর তিস্তার স্বেচ্ছাশ্রম বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী এবং জলঢাকা উপজেলার গোলমুণ্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী এলাকার কয়েক শ বাড়িতে পানি উঠেছে। এসব পরিবারের লোকজন চরম দুর্ভোগে পড়েছে।