কুড়িগ্রামে নদীর পানি বেড়ে ৫০ গ্রাম প্লাবিত
প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রাম জেলায় সবগুলো নদনদীর পানি বেড়েছে। বিশেষ করে, ধরলা ও ব্রহ্মপুত্রে পানি বাড়ায় পাঁচটি উপজেলার প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়ে সড়ক ও ফসলের ক্ষতি হয়েছে। একই কারণে এসব গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ধরলার পানি ১৭ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৮ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার কুড়িগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৮.০২ মিলিমিটার। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার নিম্নাঞ্চল ও দ্বীপচরের ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের কাঁচা সড়ক, বীজতলা, শাকসবজি ও পাটখেত পানিতে তলিয়ে গেছে।