কুড়িগ্রামে নিম্নাঞ্চলের ধান পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক সপ্তাহের বৃষ্টি ও কাল বৈশাখীতে কুড়িগ্রামের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকার জমির আধাপাকা ধান ডুবে গেছে। খেতগুলো পানিতে তলিয়ে থাকায় ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কৃষকদের অভিযোগ, স্লুইস গেট দিয়ে পানি নিষ্কাশন না হওয়া, অপরিকল্পিত রাস্তা নির্মাণ ও নালা সংস্কার না করার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় তাঁদের ধান তলিয়ে আছে। কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গত সাত দিনে জেলায় ৩৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবার জেলায় এক লাখ নয় হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ঝড় ও অতি বৃষ্টির কারণে এক হাজার ৯০০ হেক্টরের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিন সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোবনদাহ, গারুহারা, কাচ্চিরের ছড়া, কাজলদাহ বিল, ডুবাছড়ি বিল, কাতলামারী, সিংগিমারী দোলা, ডুবলা বিল, পাঁচগাছি ইউনিয়নের সুলকুরপাড়, স্লুুইস গেট ও ছড়ারপার এলাকায় গিয়ে দেখা গেছে, বিঘার পর বিঘা বোরো খেত পানিতে তলিয়ে গেছে। এ এলাকার কৃষকেরা অভিযোগ করেন, পাঁচগাছি স্লুইস গেট দিয়ে পানি বের হতে না পারায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছড়ারপারের কৃষক বোনার উদ্দিন (৬৫) বলেন, ‘বাহে হামার আট বিঘা জমির ধান তলে গেইছে। ধানের চিন্তায় রাইতোত ঘুম আসে না।’ ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বলেন তাঁর এলাকার প্রায় দুই হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। হোলখানা ইউনিয়নের ভেরভেরীর সরকারপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, কয়েক শ হেক্টর জমির ধান এক সপ্তাহ ধরে পানির নিচে থাকায় পচন ধরেছে। কৃষকেরা জলাবদ্ধতা দূর করার জন্য হাপিত্যেশ করছেন। অনেক কৃষক পানিতে তলিয়ে থাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন। কৃষক আবদুল মালেক (৪২) ও আহেন উদ্দিন বলেন, অপরিকল্পিতভাবে রাস্তা করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দুধখাওয়া মৌজায় প্রায় পাঁচ শ কৃষক পানিতে তলিয়ে থাকা আধাপাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এ এলাকার কৃষকেরা অভিযোগ করেন, তাঁদের জমির পাশের ঠাটমারী নালাটি সংস্কার না করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে এখানকার প্রায় এক হাজার হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজনুর রহমান বলেন, ‘আমি বিভিন্ন এলাকা ঘুরে এসেছি। অনেক স্থানে পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।