কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। শুধু সরকারি হিসাবেই জেলার প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল সোমবার ধরলার পানি বিপৎসীমার ১২৬ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র ৮০ সেন্টিমিটার ও দুধকুমার নদের পানি নুনখাওয়ায় ৫ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যায়। কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের তিনটি স্থানে রাস্তা ভেঙে যাওয়ায় এবং কুড়িগ্রাম-রংপুর সড়কে পানি ওঠায় কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সদর উপজেলার টোগরাইহাটে রেলসেতুর পিলার ভেঙে যাওয়ায় কুড়িগ্রাম থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অস্বাভাবিক পানি বাড়ার ফলে ৩ লাখ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে প্রশাসন অনেক পরিবারকে নিরাপদ আশ্রয়ে এনেছে। যাত্রাপুর পোড়ার চরের মেহের জামাল, আবদুল কাদের বলেন, নৌকার অভাবে অনেক পরিবার যেতে পারছে না।
ভোগান্তিতে পড়েছে সদর উপজেলার জগমোহন চরের ৫০টি পরিবার। গত রোববার ভোরে ধরলা নদীর পানির তোড়ে ৫০টি পরিবারের ঘরবাড়ি ভেসে যায়। কিছু বাড়ি পানিতে ডুবে আছে। এলাকার আক্কাস আলী ও এরশাদ, ভজু গাজী এবং সামাদের ঘর পাশেই গাছের সঙ্গে আটকে যায়। বেলা দুইটায় গিয়ে দেখা যায় তাঁরা খড়ি ও তরিতরকারি খুঁজছেন। তাঁরা বলেন, ‘আমাদের সব শেষ। জামা ছাড়া কিছুই নাই।’
বন্যাকবলিত মানুষ কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ধরলা সেতুর কাছে কাঁঠালবাড়ী, যাত্রাপুর সড়কে ও গ্রামীণ বিভিন্ন উঁচু সড়কে আশ্রয় নিয়েছে। তারা জানায়, কুড়িগ্রামের কাঁঠালবাড়ী, রাজারহাটের কালুয়া ও ফুলবাড়ীর গোড়কমণ্ডল এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় লোকজন বলেন, তাঁরা পানি ও খাবারের সমস্যায় পড়েছেন। অনেকের বাড়িতে ধান থাকলেও শুকাতে বা ভাঙাতে পারছেন না। এ ছাড়া তরিতরকারি পানিতে ভেসে গেছে।
জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার এনামুল বলেন, জেলার ৫৯টি ইউনিয়নের প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৯ হাজার ১৮৩টি পরিবার। ফসলহানি হয়েছে ৪২ হাজার ৩০০ হেক্টর জমির ফসল। গত ২৪ ঘণ্টায় পানিতে ডুবে চারজন মারা গেছে।
এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে ৬০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের। পানিতে ডুবে যাওয়ায় ৮৩টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সেনাবাহিনীর একটি বিশেষ দল মাঠে নেমেছে।
এদিকে জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী গতকাল ভোগডাঙ্গা ইউনিয়নের বন্যাকবলিত এলায় খিচুড়ি ও শুকনো খাবার বিতরণ করেন। জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন কাঁঠালবাড়ীসহ কয়েকটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করেছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্রনাথ উঁরাও বলেন, উপজেলার সব সংযোগ এখন পানির নিচে। ফলে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। ফুলবাড়ী খাদ্যগুদাম চত্বরে এখন থইথই পানি। ফলে হুমকির মুখে পড়েছে গুদামে থাকা ৩০০ মেট্রিক টন খাদ্যশস্য। নাওডাঙ্গা ইউনিয়নের বিডিআর বাজারসংলগ্ন গোড়কমণ্ডল আবাসন প্রকল্প এলাকায় ২৫ মিটার বাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে।
কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ীর বাংটুর ঘাট এলাকায় বাঁধের ১০০ মিটার ভেঙে পানি ঢোকায় কাঁঠালবাড়ী, ছিনাই, ঘড়িয়ালডাঙ্গা, হলোখানা ও রাজারহাট এলাকা প্লাবিত হয়েছে। কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের একাধিক জায়গায় হাঁটুপানি ওঠায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের চারটি স্থানে ধরলা নদীর স্রোতের তোড়ে ভেঙে যাওয়ায় নাগেশ্বরী-ফুলবাড়ী-ভূরুঙ্গামারীর সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসী বলেন, বন্যায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে ৫ হাজার পরিবার। ২৪ ঘণ্টায় ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়েছে ৫৫টি পরিবার।
রাজীবপুর বাজার, উপজেলা পরিষদ চত্বর সরকারি আবাসিক কোয়ার্টার, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস, জেলা পরিষদের ডাকবাংলো ও উপজেলা খাদ্যগুদাম চত্বরে বন্যার পানি ঢুকেছে। পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের নতুন করে আরও তিন শতাধিক ঘরবাড়িতে পানি উঠেছে। সকালে উপজেলার স্লুইসগেট এলাকায় মিয়াপাড়া সড়ক ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানির সঙ্গে কোদালকাটি ইউনিয়নে নদীভাঙন শুরু হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, আকস্মিক বন্যায় নয় উপজেলার ৪৪১টি বিদ্যালয়ে পানি ওঠায় পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর মধ্যে ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। নদীভাঙনের মুখে পড়েছে ১৮টি বিদ্যালয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ত্রাণ তৎপরতা সচল রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার সরকারি ও বেসরকারি সব বিভাগকে বন্যার্তদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী, বিজিবি ও আনসার বিভাগকে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।