কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে ২৮ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম পৌরসভা, নাগেশ্বরী ও উলিপুরে গত রবি ও সোমবার পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৩ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জন কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন—পৌরসভার কলেজপাড়ার জাহানারা বেগম (৪৫), হাসপাতালপাড়ার সালেহা খাতুন (৩২), গড়ের পাড় এলাকার লিপি বেগম (৩০), উলিপুরের বুড়াবুড়ি গ্রামের ফজিলা বেগম (৩৫) ও নাগেশ্বরীর নওদাবশ এলাকার কলেজছাত্র সোহাগ (২০) ও কচাকাটা গ্রামের আবু সামা (৪৫)। কিন্তু জলাতঙ্ক রোগের টিকা না থাকায় ভোগান্তিতে পড়েছেন আহত ব্যক্তিরা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম শহরের কলেজপাড়া এলাকায় সোমবার সকাল আটটা ও ১০টার দিকে দুই দফায় পাগলা কুকুর কামড়িয়ে ১২ জনকে আহত করে। এ সময় পাগলা কুকুর শতাধিক গরু-ছাগল ও হাঁস-মুরগিকেও কামড়ায়। এ ছাড়া নাগেশ্বরী ও উলিপুরের বিভিন্ন এলাকায় রবি ও সোমবার অন্তত ১৩ জনকে কামড়িয়ে আহত করেছে।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম বলেন, গত রবি ও সোমবার কুকুরে কামড়ানো ২২ জন রোগী জলাতঙ্ক রোগের টিকা নিতে আসেন। বর্তমানে হাসপাতালে টিকা আছে মাত্র ৫০ ভয়েল, যা ২২ জন রোগীকে দিতেই শেষ হয়ে যাবে। এ ছাড়া প্রায় প্রতিদিনই কুকুর কামড়ানো রোগী আসছেন। যে হারে কুকুর কামড়ানো রোগী আসছেন, ওই তুলনায় টিকা সরবরাহ নেই। তাই অধিকাংশ রোগীকেই বাইরে থেকে ভ্যাকসিন কিনতে বলা হচ্ছে। সোমবার পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সাত-আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাইরে থেকে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।পৌর মেয়র নুর ইসলাম বলেন, ‘বর্তমানে কুড়িগ্রাম পৌরসভা টিকাশূন্য। এ কারণে প্রতিনিয়তই কুকুর কামড়ানো সাধারণ রোগীরা ভ্যাকসিন না পেয়ে ফিরে যাচ্ছে। ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে বারবার টিকার চাহিদাপত্র পাঠিয়েও কোনো ফল পাওয়া যায়নি।’