কুড়িগ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরী ও রৌমারী উপজেলায় গত বৃহস্পতিবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো নাগেশ্বরী ভিতরবন্ধের পাখি (৩) ও রাখি (৪) এবং রৌমারীর সাদিয়া (৩)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাগেশ্বরীর ভিতরবন্ধ ইউনিয়নের কলেজপাড়া গ্রামের গোলাপ উদ্দিনের মেয়ে পাখি ও সফিকুল ইসলামের মেয়ে রাখি বাড়ির পাশে গত বৃহস্পতিবার বিকেলে খেলতে যায়। সন্ধ্যার পরও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে থাকেন। রাত নয়টার দিকে বািড়র পাশের পুকুরে তাদের ভাসতে দেখা যায়। এ সময় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পাখি ও রাখি সম্পর্কে চাচাতো বোন।
ভিতরবন্ধ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে রৌমারী সদর ইউনিয়নের বাওয়াই গ্রামের শাহ আলমের মেয়ে সাদিয়া বৃহস্পতিবার বিকেলে সবার অজান্তে বািড়র পাশে পুকুর পাড়ে খেলতে যায়। দীর্ঘক্ষণ ধরে তার খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে দেখেন পানিতে সে ভাসছে। পরে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী সদর ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, খেলতে গিয়ে পানিতে ডুবে সাদিয়ার মৃত্যু হয়েছে।