কুড়িগ্রামে ফের বন্যা, সুনামগঞ্জে অবনতি

অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ প্রধান প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ইতিমধ্যে চর, দ্বীপচর ও নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী কমপক্ষে ২০ হাজার মানুষ।
প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার সাতটি উপজেলা বন্যাকবলিত হয়েছে।
আজ শনিবার কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানিও বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রাম কার্যালয় থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীতে ব্রিজ পয়েন্টে ৭২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদে চিলমারী পয়েন্টে ৬০ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৬৬ সেন্টিমিটার ও তিস্তায় পানি ২৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।
কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, রাজারহাট, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুরের চরাঞ্চলের বেশ কিছু ঘরবাড়িতে দ্বিতীয় দফা পানি ঢুকতে শুরু করেছে। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে সদরের যাত্রাপুর, আঠারঘড়িয়া, বারোঘড়িয়া, হেমেরকুঠি, জগমোহনের চর, চর জয়কুমরসহ বেশ কয়েকটি এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। ধরলার ভাঙনে বাংটুর ঘাট, হেমেরকুঠি, সারোডোব এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে পড়েছে।
সুনামগঞ্জে বন্যার পানিতে প্লাবিত হওয়ায় শিশুদের নিরাপত্তা বিবেচনা করে জেলার সাতটি উপজেলার ৮৯৩টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খান জানান, জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোয় দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। কিন্তু উজান থেকে নেমে আস ঢল ও প্রবল বর্ষণের কারণে অনেক বিদ্যালয় প্লাবিত হয়েছে। আবার কোনো বিদ্যালয় প্রাঙ্গণে পানি উঠে গেছে। এ ছাড়া হাওর এলাকার শিশুদের জন্য বিদ্যালয়ে আসা খুবই ঝুঁকিপূর্ণ। তাই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, ধরমপাশা, দক্ষিণ সুনামগঞ্জ এবং দিরাই উপজেলার ৮৯৩টি প্রাথমিক বিদ্যালয়ের আজ ও কাল রোববারের পরীক্ষা স্থগিত থাকবে। তবে স্কুল খোলা থাকবে। শিক্ষকেরা স্কুলে যাবেন। এসব স্কুলের পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে।

এদিকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদ-নদী ও হাওরে পানি বাড়ছে। নতুন করে জেলার দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, দিরাই, ধরমপাশা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। সড়ক প্লাবিত হওয়ায় জেলা সদরের সঙ্গে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
গতকাল শুক্রবার রাত থেকে সুনামগঞ্জ শহরের ষোলঘর, নবীনগর, ধারারগাঁও, পশ্চিমবাজার, মধ্যবাজার, উত্তর আরপিনগর এলাকায় সুরমা নদীর তীর উপচে ঢলের পানি প্রবেশ করছে।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ জানান, তাঁর উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। তাই পাঠদান বন্ধ আছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া সুলতানাসহ তাঁরা উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে মানুষদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন। জেলা প্রশাসন থেকে এই উপজেলার জন্য তিন মেট্রিক টন চাল ও নগদ ১০ হাজার টাকা জরুরি সহায়তা দেওয়া হয়েছে। সেগুলোও বিতরণ করা হচ্ছে।
তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন জানান, ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় পানি বাড়ছে। নতুন নতুন এলাকায় পানি ঢুকছে। লোকজন দুর্ভোগে আছে।
তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বলেন, এই উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগই হাওর এলাকায়। এই অবস্থায় শিক্ষার্থীদের স্কুলে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। তাই কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ তাঁরা পরীক্ষা নেননি। তবে স্কুল খোলা আছে।
পাউবোর সুনামগঞ্জ কার্যালয় থেকে জানা গেছে, আজ সকাল নয়টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ২০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বর্ষণ অব্যাহত আছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে একটি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলার সাতটি উপজেলা বন্যাকবলিত হয়েছে। এসব উপজেলায় প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম সকালে কয়েকটি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। প্রশাসনের অন্য কর্মকর্তারাও মাঠে আছেন।