কুড়িগ্রামে ফেলানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে নাগেশ্বরীর রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামে ফেলানীর বাড়িতে তার পরিবারের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন। ফেলানী হত্যার দ্বিতীয় বার্ষিকীতে তার বাড়িতে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ ও ফেলানীর বাবা নুরুল ইসলাম। বক্তারা ফেলানীর মৃত্যু দিবসকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের দাবি এবং সীমান্তে বিএসএফের নির্মম হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান। ফুলবাড়ী উপজেলার অনন্তপুরে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের গুলিতে প্রাণ হারায় কিশোরী ফেলানী। প্রায় চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকার পর প্রাণ হারায় সে। সে দিনের সেই ঘটনা শুধু ফেলানীর পরিবারকে নয়, বিশ্ববিবেককে কাঁদিয়েছে। তাই তো দুই দেশের সরকার সমঝোতা করেছিল সীমান্তে আর বিনা উসকানিতে হত্যা নয়। কুড়িগ্রাম জেলার ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্য ঘেঁষা ২৬৮ কিলোমিটার সীমান্তের মানুষকে জীবিকার তাগিদে সীমান্তে যেতে হয় প্রতিদিন। কিন্তু সীমান্ত লাগোয়া নিজের জমিতে গেলেই হত্যাকাণ্ড কিংবা নির্যাতনের শিকার হন তাঁরা। মিলাদ শেষে ফেলানীর মা জাহানারা বেগম জানান, আমার মতো যেন আর কোন মায়ের বুক খালি না হয়। আর কোন মাকে যেন স্বপ্ন পুরে ছারখার হতে না হয়। তিনি আরও জানান ফেলানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোল্লা মিজানুর রহমান ১ হাজার টাকা, ৩ বস্তা চাল ও ৭টি কম্বল প্রদান করেন।