কুড়িগ্রামে ফেলানীর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানীর কবর জিয়ারত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। হত্যাকাণ্ডের এক মাস পর স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রোববার জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা গ্রামে ফেলানীদের বাড়িতে গিয়ে এই কবর জিয়ারত করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক সহযোগিতা হিসেবে ফেলানীর বাবা নূর ইসলামের হাতে নগদ তিন লাখ টাকা তুলে দেন। এর কিছুক্ষণ আগে বেলা একটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নাখারগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, বিএসএফের গুলিতে নিহত ফেলানীর পরিবারকে সান্ত্বনা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এখানে এসেছেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে ফেলানীর মা, ভাই ও বোনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম, নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল হক প্রমুখ।প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি ভোরে ভারত থেকে কাঁটাতারের বেড়া টপকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসার সময় ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফের সদস্যরা।