কুড়িগ্রামে বঙ্গসোনাহাট স্থলবন্দর চালু করার ঘোষণা নৌমন্ত্রীর
কুড়িগ্রামে বঙ্গসোনাহাট স্থলবন্দর শিগগির চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল বুধবার বিকেলে স্থলবন্দর এলাকায় এ ঘোষণা দিয়ে তিনি বলেন, ফিরে গিয়েই একটি জরিপ দল পাঠাবেন তিনি। জরিপ শেষে বন্দর বাস্তবায়নের কাজ শুরু হবে। গতকাল কুড়িগ্রাম পৌঁছার পর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বেলা ১১টার দিকে জেলা মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন। সদর উপজেলা চেয়ারম্যান ও মোটর মালিক গ্রুপ সমিতির সভাপতি পনিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, ‘চালকদের গালিগালাজ না করে তাঁদের জাতির সেবক হিসেবে দেখুন।’ তিনি বলেন, দেশের প্রতিটি জেলা পরিষদের পক্ষ থেকে চালকদের জন্য ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে।সভা শেষে নৌপরিবহনমন্ত্রী জেলার ভুরুঙ্গামারী স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। পরে সোনাহাট ডিগ্রি কলেজ মাঠের জনসভায় বক্তৃতা করেন। বক্তৃতায় মন্ত্রী বলেন, ‘এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে বঙ্গসোনাহাট স্থলবন্দর চালুর দাবি করে আসছে। আমি আশা করছি, খুব তাড়াতাড়ি স্থলবন্দরটি চালু করা হবে। একই সঙ্গে সোনাহাট সেতু ও সংযোগ সড়ক ভাঙনের হাত থেকে রক্ষা করারও ব্যবস্থা নেওয়া হবে।’জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজান সিরাজের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আ ম সা আ আমিন, কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী, শিল্পপতি গোলাম মোস্তফা, আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মু. ইসমাইল হোসাইন প্রমুখ।নৌমন্ত্রী নাগেশ্বরী প্রেসক্লাবও পরিদর্শন করেন। সেখানে তিনি কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি সফিখান, নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহসাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, সাংবাদিক লাইলী বেগম, জোবায়ের সিদ্দিকসহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।