কুড়িগ্রামে বন্যা, নদীভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে কুড়িগ্রামে বন্যা দেখা দিয়েছে। ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া সব কটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। নিম্নাঞ্চলসহ চর ও দ্বীপচরগুলোতে প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বড়াইবাড়ী, কাইম বড়াইবাড়ী ও জগমোহনের চর গ্রামে ১০ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে।রৌমারী শহরের সঙ্গে প্রায় ১০টি গ্রামের সড়ক-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রৌমারীর বিভিন্ন ইউনিয়নের অনেক রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। তীব্র স্রোতে রাজীবপুর শহর রক্ষা বাঁধের বিভিন্ন জায়গার ব্লক ধসে যাচ্ছে। ধরলা নদীর তীব্র ভাঙনে ভোগডাঙ্গা ইউনিয়নের নন্দদুলালের খামার, বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভবনের অর্ধেক নদীতে বিলীন হয়ে গেছে। ২৪ ঘণ্টায় ভোগডাঙ্গার জগমোহনের চর এলাকায় ৩২টি বাড়ি বিলীন হয়ে গেছে।ভিতরবন্দ এলাকায় ১৩টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। গতকাল সোমবার জেলা প্রশাসক হাবিবুর রহমান ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।কুড়িগ্রাম শহরেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও রিকশাচালকেরা।পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২৪ ঘণ্টায় ধরলা ফেরিঘাট পয়েন্টে ৮৫ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র চিলমারী পয়েন্টে ৫৬, তিস্তার কাউনিয়া পয়েন্টে ১১ ও দুধকুমার নুনখাওয়া পয়েন্টে ৯৩ সেন্টিমিটার পানি বেড়েছে। ধরলা অববাহিকায় ৬২ মিলিমিটার, ব্রহ্মপুত্র অববাহিকায় ১৭০ দশমিক ৫ ও তিস্তা অববাহিকায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান, ইউনিয়নের গোয়ালগ্রাম, পূর্ব গোয়ালগ্রাম, সাত ইজামারী, কড়াইকান্দি, ঝাউমারী, চুলিয়ারচর, বারবান্দা, কলাবাড়ীগ্রাম ও যাদুরচর ইউনিয়নের খেয়ারচর, আলগারচর, বকবান্দা, লালকুড়া, যাদুরচরে বন্যার পানি ঢুকে পড়েছে। এসব এলাকায় ১৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তিনি আরও জানান, বকবন্দা, ব্যাপারীপাড়া গ্রামে ব্যাপকভাবে নদীভাঙন শুরু হয়েছে। এ ছাড়া চুলিয়ারচর থেকে কর্তিমারী রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। এদিকে বড়াইবাড়ি সীমান্ত এলাকা থেকে কর্তিমারী হাট পর্যন্ত সড়ক-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব এলাকার মানুষ নৌকায় যাতায়াত করছে। রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাদের জানান, সোনাভরি নদীর তীব্র স্রোতে রাজীবপুর শহর রক্ষা বাঁধের বিভিন্ন জায়গায় ৫০-৬০ গজ ব্লক ধসে পড়েছে। ভাঙন অব্যাহত থাকলে রাজীবপুর শহর রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তিনি আরও বলেন, মদনের চর এলাকায় ২৫-৩০টি পরিবারের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। বন্যাকবলিত মানুষের জন্য ২৪ লাখ টাকা ও ৪০ মেট্রিক চাল বরাদ্দ চেয়ে ঢাকায় ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে।