কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চিলমারী পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি ৬ সেন্টিমিটার কমলেও গতকাল রোববার বিকেল ৬টা পর্যন্ত বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ব্রহ্মপুত্র অববাহিকার ছয়টি উপজেলার দুই শতাধিক দ্বীপচর ও চরগ্রামের বেশির ভাগ এলাকা প্লাবিত রয়েছে। এসব এলাকায় অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। পানি কমতে থাকায় সদরের ঘোগাদহ, নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ও কালীগঞ্জ; উলিপুরের গুজিমারী, দাগারকুঠিসহ কয়েকটি এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ঘরবাড়ি হারিয়েছে শতাধিক পরিবার। ঈদের আগে দুস্থ প্রতিটি পরিবারের জন্য ২০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ করা হলেও অনেকে তা পায়নি। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন দুর্ভোগে থাকলেও এখনো কোনো ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে।

উলিপুরের হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন জানান, চরগুজিমারারী, চর দাগরকুঠি, অনন্তপুর, গাবুরজান, নয়াদাড়া, হাতিয়া বকসী, কাচারিয়ারঘাট ও শ্যামপুর বাবুরচর এলাকায় প্রায় ১ হাজার ২০০ পরিবারের ৪ হাজার মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে। তিনি আরও জানান, ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে গত সাত দিনে চর দাগরকুঠি এলাকার ২০০ পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাফুজার রহমান জানান, ব্রহ্মপুত্র নদের পানি কমছে।