কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ বুধবার ধরলা নদীর পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী প্রায় সাড়ে চার লাখ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।

বন্যার ফলে কুড়িগ্রামের সঙ্গে ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিকল্প নৌপথে যাত্রী পারাপার করা হচ্ছে।

টানা চার দিন ধরে খোলা সড়কের ধারে, বাঁধে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে হাজারো পরিবার। বিশুদ্ধ পানি ও টয়লেটের সংকটে এসব পরিবার দুর্ভোগ পোহাচ্ছে। আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। কোনো রকমে রাত পার করছে গ্রামবাসী। চাল থাকলেও নেই জ্বালানি। কাজেই চুলোয় হাঁড়ি চড়ছে না। শ্রমজীবী মানুষ কাজ করতে না পারায় বেকার জীবন কাটাচ্ছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, জেলার নয় উপজেলার ৬২টি ইউনিয়নের ৮২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ১৪০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়েছে ৪ লাখ ২২ হাজার মানুষ। ৪২ হাজার ৩৫১ হেক্টর জমির ফসল পানিতে ডুবে যাওয়ায় প্রায় তিন লাখ কৃষক নিঃস্ব হয়ে পড়েছেন। ভেসে গেছে ২৩টি সেতু ও কালভার্ট। ৪০৮টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে বানভাসি ২৫ হাজার পরিবার।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি ব্রিজ পয়েন্টে ২৭ দশমিক ২৭ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ২৪ দশমিক ৮০ সেন্টিমিটার, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ২৮ দশমিক ৯৮ সেন্টিমিটার ও দুধকুমার নদের পানি নুন খাওয়া পয়েন্টে ২৭ দশমিক ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।