কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ধরলা নদীর পানি বিপদ সীমার ৪৪ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী মানুষের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। বন্যা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার সকালে কুড়িগ্রাম যাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

জেলার রৌমারী উপজেলার জাদুর চর ইউনিয়নে জিঞ্জিরাম নদীর তীব্র স্রোতে লালকুড়া রাবারড্যাম রোডের প্রায় ৩০ মিটার ভেঙে গেছে। একই ইউনিয়নের ধনারচর গ্রামের বেড়ি বাঁধের ৮০০ ফিট ভেঙে গেছে। এ ছাড়া লালকুড়া থেকে বকবান্ধা ব্যাপারীপাড়া সড়কে তিন কিলোমিটার রাস্তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তিন দিনে ইউনিয়নে শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেসে গেছে। যাদুরচর ইউনিয়নের পাহাড়তলী, যাদুরচর, কোমরডাঙ্গি, ঝুনারচর, খেয়ারচর মৌজার ৫৩টি গ্রামের মধ্যে ৪৫টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। দুই দফা বন্যায় কাজ ও চরম খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিত মানুষেরা। অনেকেই নিজের বাড়িতে মাচার ওপর এবং নৌকায় অবস্থান নিয়ে আছেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ধরলায় দুই সেন্টিমিটার পানি বেড়েছে। তবে ব্রহ্মপুত্রে চার সেন্টিমিটার ও দুধকুমারে সাত সেন্টিমিটার পানি কমেছে।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, বন্যা পরিস্থিতি দেখতে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম যাবেন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। মন্ত্রী হেলিকপ্টারযোগে সকাল সাড়ে নয়টায় চিলমারী উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে তিনি নৌ-পথে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। তিনি আরও বলেন, আজ সোমবার বন্যার্তদের জন্য ৫০ মেট্রিকটন চাল ও তিন লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।