কুড়িগ্রামে বন্যা-পরিস্থিতির অবনতি, দেড় লাখ মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুড়িগ্রামের সার্বিক বন্যা-পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে দেড় লাখ মানুষ। জেলার দুই শতাধিক চর, দ্বীপচরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নিম্নাঞ্চল ও চরে পানি ওঠায় নয় হাজার হেক্টর জমির আমনখেত তলিয়ে গেছে। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা অববাহিকার আটটি উপজেলার ৩৫টি ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি ওঠায় পার্শ্ববর্তী রাস্তা ও উঁচু ভিটায় আশ্রয় নিচ্ছে বন্যার্ত মানুষ। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের গতকাল সোমবার প্রথম আলোকে জানান, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রে ১৮ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলায় বেড়েছে চার সেন্টিমিটার ও দুধকুমারে এক সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া, কালীগঞ্জ, সদর উপজেলার ঘোগাদহ, যাত্রাপুর থেকে চিলমারী পর্যন্ত বিভিন্ন চরে গিয়ে দেখা যায়, বন্যার পানি ঢুকে চরগুলো প্লাবিত হয়ে পড়েছে। তিন দফা বন্যার কারণে সব ফসল তলিয়ে গেছে।