কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
উজানের পাহাড়ি ঢল ও অবিরাম ভারী বর্ষণে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে দুই শতাধিক চরের প্রায় লক্ষাধিক মানুষ। ৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ হয়ে গেছে পাঠদান।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, তিস্তা, দুধকুমার, সোনাভরি, হলহলিয়া, জিঞ্জিরাম ও গঙ্গাধর নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। এতে জেলার দুই শতাধিক চর ও দ্বীপ চরের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যাদুর্গত এলাকায় সরকারি বা বেসরকারিভাবে এখন পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী না পৌঁছানোয় খাদ্যসংকটসহ দুর্ভোগে পড়েছে বানভাসি মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও গোখাদ্যের তীব্র সংকট। ভেঙে পড়েছে যোগযোগব্যবস্থাও।
এদিকে গত ২৪ ঘণ্টার ভারী বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। জেলার নয়টি উপজেলার অধিকাংশ নিচু এলাকা ডুবে গেছে। বিভিন্ন স্থানে গ্রামীণ কাঁচা সড়কে পানি ওঠায় চলাচল বন্ধ হয়ে গেছে। ভারী বৃষ্টির কারণে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা দেয়াল ভেঙে পড়েছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মকবুল হোসেন বলেন, বন্যার কারণে শাকসবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া আমন বীজতলা ও পাটখেতও তলিয়ে গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক বলেন, বন্যার কারণে জেলার ৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম বলেন, চিলমারী উপজেলার অষ্টমিরচর, নয়ারহাট, চিলমারী, রানীগঞ্জ, রমনা ও থানারহাট ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় সরকারি বা বেসরকারিভাবে এখন পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যাদুর্গত এলাকার বেশির ভাগ নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। চারণভূমি তলিয়ে থাকায় গবাদিপশু নিয়ে দুর্ভোগে পড়েছে বন্যাকবলিত এলাকার মানুষেরা।
এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বন্যা পরিস্থিতি নিয়ে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। প্রেস ব্রিফিংয়ে দাবি করা হয়, জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করলেও আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা সংগ্রহের কাজ শেষ হলেই ত্রাণ তৎপরতা শুরু হবে। খয়রাতির ১০০ মেট্রিক টন চাল ও চার লাখ টাকা মজুত থাকার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, অতিরিক্ত ৫০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ চেয়ে জরুরি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে।