কুড়িগ্রামে বন্যার পানিতে ভেসে আসা অজগর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে বন্যার পানিতে ভেসে আসা অজগরটি আটক করে গতকাল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয় l প্রথম আলো
কুড়িগ্রামে বন্যার পানিতে ভেসে আসা অজগরটি আটক করে গতকাল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয় l প্রথম আলো

কুড়িগ্রামে বন্যার পানিতে ভেসে আসা একটি অজগর সাপ আটক করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদীর ওপারে চরকৃষ্ণপুরের বেলাল হোসেনের বাড়ির উঠানের নিমগাছে অজগরটি পেঁচিয়ে ছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলাল হোসেন সকালে দেখতে পান সাপটি গাছের সঙ্গে পেঁচিয়ে আছে। খবর পেয়ে ওই বাড়িতে মানুষের ভিড় বাড়তে থাকে। তারা সাপটি মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সেখানে উপস্থিত স্থানীয় যুবক রাজমিস্ত্রি তাজুল, জুয়েল ও বিদ্যুৎ সাপটি মারতে বাধা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ওই যুবকদের সহায়তায় সাপটি বস্তায় ভরে প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসেন। পরে বন বিভাগের কর্মকর্তার কাছে সাপটি হস্তান্তর করা হয়।

বন বিভাগের উপজেলা কর্মকর্তা আলতাফ হোসেন জানান, সাপটি লম্বায় সাড়ে ৯ ফুট। বয়স দেড় বছর। কেবল চোখ খুলতে শুরু করেছে। এটা পাহাড় থেকে বন্যার পানিতে ভেসে এসেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন পারভেজ জানান, সাপটি বন বিভাগের মাধ্যমে দিনাজপুরের রামসাগরের প্রাণী অভয়াশ্রমে পাঠিয়ে দেওয়া হবে।