কুড়িগ্রামে বন্যায় ৬০ হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্রহ্মপুত্র অববাহিকার ছয়টি উপজেলার দেড় শতাধিক দ্বীপচর ও চরগ্রামের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৬০ হাজার মানুষ। ডুবে গেছে চরের বেশির ভাগ সড়ক ও আবাদি জমি।

উলিপুরের হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল হোসেন প্রথম আলোকে গতকাল শনিবার বলেন, এই ইউনিয়নের ১ হাজার ২০০ পরিবারের প্রায় ৬ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। হাতিয়া বন্যানিয়ন্ত্রণ বাঁধের মেরামত করা অংশের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দিঘলহাইল্যা, ভাটিগ্রাম, রামনামপুর, অনন্তপুর, কারিপাড়া, কাসারিয়ারঘাট গ্রামসহ আশপাশের গ্রামের অনেক বাড়ি-ঘরে পানি ঢুকে পড়েছে। এ ছাড়া চর গুঁজিমারী, চর দাগারকুঠিসহ কয়েকটি এলাকায় এক সপ্তাহে ৪০টি পরিবার নদীভাঙনের শিকার হয়েছে। সদর উপজেলার যাত্রাপুরে পাঁচ কিলোমিটার এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। রলাকাটা, ঝুনকারচর, চর পার্বতীপুর, ভগবতিপুরসহ কয়েকটি চরে ব্যাপক ভাঙনের শিকার হয়ে বাড়ি-ঘর হারিয়েছে শতাধিক পরিবার।

যাত্রাপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ‘আমার ইউনিয়নের ৯০ শতাংশ এলাকা ব্রহ্মপুত্রবেষ্টিত। এখানে ৩০টির মতো চর আছে। বন্যায় দিনমজুর পরিবারগুলোতে খাদ্যসংকট চলছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো খাদ্য-সহায়তা পাওয়া যায়নি।’

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা পর্যাপ্ত শুকনো খাবার সংগ্রহ করেছি। গড়ে তোলা হয়েছে স্বেচ্ছাসেবক দল। প্রস্তুত রাখা হয়েছে নৌকা। আশা করি, কোনো সমস্যা হবে না। চেয়ারম্যানরা তালিকা দিলেই আমরা কর্মযজ্ঞে নেমে পড়ব।’

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজার রহমান গতকাল বলেন, ‘ব্রহ্মপুত্রের পানি সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।’

কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, ‘এ বছর বড় ধরনের বন্যার আশঙ্কা থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।’