কুড়িগ্রামে বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক পর্যায়ে বৈঠক শুরু
বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক পর্যায়ে বৈঠক চলছে কুড়িগ্রামে। আজ বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া দুদিনের এ বৈঠকে উভয় দেশের সীমান্ত ব্যবস্থাপনা, চোরাচালান প্রতিরোধ, সোনাহাট স্থল বন্দরের উন্নয়ন, দুই জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময়সহ ৬টি বিষয়ে আলোচনা হচ্ছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের নেতৃত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ বৈঠকে ৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলে আছেন জেলা পুলিশ সুপার মো. তবারক উল্লাহ, ৪৫ বিজিবি পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবর রহমান পাটোয়ারী প্রমুখ। অন্যদিকে ভারতের পক্ষে রয়েছেন আসাম রাজ্যের ধুবরী জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার দিগন্ত দাস প্রমুখ।
খান মো. নুরুল আমিন জানান, বৈঠকের প্রথম দিনে চোরাচালান, নারী শিশু ও পাচার রোধ এবং সীমান্তে শান্তি রক্ষা নিয়ে আলোচনা হয়েছে।