কুড়িগ্রামে বানভাসি মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বন্যা-পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানভাসি মানুষের দুর্ভোগ কমেনি। পানি কমায় বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া পরিবারগুলো ফিরতে শুরু করেছে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ খাওয়ার পানি ও খাদ্যসংকট দেখা দিয়েছে।সরেজমিনে গত সোমবার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের বিভিন্ন চরে দেখা যায়, কোথাও কোমর, কোথাও হাঁটুসমান পানি। বন্যার কারণে বাড়ি ছেড়ে যাওয়া পরিবারগুলোর মধ্যে বেশকিছু পরিবার ফিরেছে। তিন দিন আগে শিকারপুরে বসবাসরত ৮৫টি পরিবার নয়ারচরের বিভিন্ন বাড়ি, সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছিল। দিনমজুর মতিয়ার রহমান বলেন, ‘১৫ দিন কোনো কাম করতে পারি নাই। হাতে যা জমা ছিল, সব শেষ। খুব কষ্টে পড়ছি। খাবার জোগাড় করি, না বাড়ি ঠিক করি।’আনোয়ারা বেগম বলেন, ‘চরের সবার ধান-চাল, হাঁস-মুরগি, ঘরের জিনিসপত্র ভাইসা গেছে। কেমন কইরা চলুম। তিন কেজি চাউল দিছিল, তা শেষ।’ নয়ারচরে মাস্টারপাড়া চান্দুর বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর সঙ্গে গাদাগাদি করে পাঁচটি পরিবার আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে আবদুল মজিদ বলেন, ‘ছাওয়াল-পাওয়াল নিয়া মশার মধ্যে থাকি। সারা রাইত জাইগা থাকি। দুর্গন্ধে টেকা যায় না।’তাঁর স্ত্রী আন্না খাতুন বলেন, ‘আসার সময় কিছুই আনতে পারি নাই। ধার কইরা চলতাছি। বাড়িতে পানি এককোমর। আরেকটু কমলেই যাব।’ মোহনগঞ্জ ইউপির দুই ২ নম্বর ওয়ার্ডের সদস্য তারা মিয়া বলেন, ‘আমার এলাকায় হাহাকার শুরু হইয়া গেছে। মানুষের যন্ত্রণায় বাড়িতে থাকা যায় না। খাদ্যের পাশাপাশি টিউবওয়েল, পায়খানা ও গৃহনির্মাণে অর্থসাহায্যের প্রয়োজন। মোহনগঞ্জ ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, তাঁর ইউনিয়নের নয়টি ওয়ার্ড ডুবে গেছে। চাহিদার তুলনায় খাদ্যসাহায্য খুব কম। রাস্তায় বের হলে মানুষ গালাগালি করে। রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হান্নান জানান, রাজীবপুরে ৩০ হাজার পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে। গত এক সপ্তাহে নদীভাঙনের শিকার হয়েছে এক হাজার ৮০০ পরিবার। ১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।