কুড়িগ্রামে বাড়ছে বন্যার পানি, সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে ১৬টি নদ-নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। এর মধ্যে কয়েকটির পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ফলে বন্যায় জেলার নয়টি উপজেলায় সাড়ে তিন লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সদরে কল্যাণ এলাকায় ধরলা নদীর বাঁধ ভেঙে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। সাপের কামড়ে ও পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের তিনটি জায়গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে বন্যার পানি। অচল হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। ভেঙে গেছে কুড়িগ্রাম-ফুলবাড়ী উপজেলা সড়কের কিছু অংশ। এই সড়কের পাশে আরডিআরএস বাজারে ভাঙনকবলিত এলাকায় ৩০টি দোকান ভেঙে গেছে। রাজারহাটের কালুয়ারচরে বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে ২০টি বাড়ি। পানির কারণে ফুলবাড়ীর সঙ্গে নাগেশ্বরী উপজেলার যান চলাচলও বন্ধ হয়ে গেছে। এ ছাড়াও উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মণ্ডল গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ২০ ফুট অংশ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী প্রায় প্রতিটি ইউনিয়নে পানি উঠেছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্র নাথ উরাঁও জানান, পুরো উপজেলায় ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার পরিবার আশ্রয় নিয়েছে। লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে।

ভূরুঙ্গামারীর ইউএনও মো. আজাহারুল ইসলাম জানান, এই উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের ৩৭টি আশ্রয়কেন্দ্রে দুই হাজার পরিবার আশ্রয় নিয়েছে। সেখানে শুকনো খাবার ও খিচুড়ি দেওয়া হচ্ছে।

পাউবো জানায়, জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ১৬টি নদ-নদীর পানি বাড়ছে। বেলা একটায় ধরলা নদীর পানি বিপৎসীমার ১ মিটার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সর্বশেষ ১৯৯৬ সালে ধরলার পানি ১ মিটার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে গিয়েছিল। ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটারের ওপর দিয়ে আর তিস্তা ও দুধকুমার নদের পানি বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদ-নদীর মাঝে রয়েছে প্রায় ৪২০টি চর। সেখানকার দুই লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী।

ভূরুঙ্গামারীতে বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকলেছুর রহমান বলেন, ভারতের তুফানগঞ্জে কালজানী নদীর নোটাফেলা বাঁধ খুলে দেওয়ায় এই ইউনিয়নের কাজিয়ার চর উত্তর ধলডাঙ্গা, দক্ষিণ তিলাই গ্রাম তলিয়ে গেছে। নৌকা না থাকায় জনসাধারণকে উদ্ধার করতে অসুবিধা হচ্ছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানিয়েছেন, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি বন্যাকবলিত মানুষের কাছে বরাদ্দ দেওয়া হবে।

দুজনের মৃত্যু
সাপের কামড়ে সদর উপজেলার খামার হলোখানা গ্রামে জোছনা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মারা গেছে কুড়িগ্রাম পৌর এলাকার ভেলাকোপা গ্রামের দেড় বছরের এক শিশু।