কুড়িগ্রামে বিএনপির কার্যালয়ে হামলা একজন জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ছাত্রলীগের একটি পক্ষ গতকাল শুক্রবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে। এ সময় জাতীয়তাবাদী হিন্দু কল্যাণ পরিষদের আহ্বায়ক দ্বিজেন্দ্র নাথ সাহাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে ছাত্রলীগের একটি পক্ষ শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ায় বিএনপির কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে টেলিভিশনসহ আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় দ্বিজেন্দ্র নাথ সাহা কার্যালয়ে বসেছিলেন। একপর্যায়ে হামলাকারীরা তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় দিজেন্দ্রকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিনের পক্ষের কিছু কর্মী ওই হামলা চালিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মইনুল হক হামলার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।