কুড়িগ্রামে বিক্ষোভ, পঞ্চগড়ে আজ থেকে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে ছিটমহলের বাসিন্দারা।সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে গতকাল বুধবার কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভারতীয় ছিটমহলের বাসিন্দারা। দাবি আদায়ে আজ বৃহস্পতিবার থেকে পঞ্চগড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে সেখানকার ছিটমহলের বাসিন্দারা।১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর মধ্যে দুই দেশের স্থলসীমান্ত চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী দুই দেশের ১৬২টি ছিটমহল বিনিময় বাস্তবায়নের জন্য গত মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রটোকলে সই হয়। কিন্তু এতে ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই। শুধু ‘দ্রুত’ ছিটমহল বিনিময় শেষ হবে বলে উল্লেখ করা হয়েছে। সুস্পষ্ট সময় বা তারিখ না থাকায় মঙ্গলবার রাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে ছিটমহলবাসী। উভয় দেশের ছিটমহলবাসীরা বিক্ষোভ মিছিল করে ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণার দাবি জানায়।গতকাল বুধবার সকালে কুড়িগ্রাম জেলার ভেতরে ভারতের ১২টি ছিটের মানুষ ধর্মঘট, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। সকাল থেকে দোকানপাট, বাজার বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছিটের বাসিন্দারা। তারা বলছে, প্রোটোকল নয়, দ্রুততম সময়ে বাস্তবায়ন চায় ইন্দিরা-মুজিব চুক্তির।গতকাল সকালে ফুলবাড়ী উপজেলার ভেতরে ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়ায় গিয়ে দেখা যায়, সেখানকার কালির হাট বাজারের দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করছে ছিটবাসীরা।ছিটবাসী বৃদ্ধ মোজাফ্ফর হোসেন, ধীরেন, ওবায়দুল বলেন, ‘হামরা মূর্খ মানুষ। প্রোটোকল-ট্রোটকল বুঝি না, হামরা বাংলাদেশি হবার চাই।’বৃদ্ধ মোহাম্মদ আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কী চাইলোং আর কী দিল। হামরা আর কত দিন পরাধীন থাকম।’দোকানদার মিজানুর রহমান বলেন, ‘কত আশা করি বাংলাদ্যাশের পতাকা টাংগাইছি। আজ থাকি বাংলাদ্যাশের মানুষ হম। সেটা আর হই না।’এ রকম ভারতীয় ছিটের অসংখ্য মানুষ আশায় বুক বেঁধেছিল সুস্পষ্ট ঘোষণা আসবে। তারা বাদ্যযন্ত্র, রং, পটকা নিয়ে অপেক্ষায় ছিল। এ রকমই একজন হায়দার আলী (৪০) বলেন, ‘ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট ঘোষণা এলে দুই দেশের ছিটমহলে উৎসব শুরু হতো।’ভূরুঙ্গামারী উপজেলার ভেতরে অবস্থিত ভারতীয় ছিট কালাপানিতে গিয়ে দেখা যায়, মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। তারা বলেন, ‘আমাদের দাবি পূরণ না হলে অনশন করে মরে যাব।’ এ ছিটের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ‘ভাইজান কত আশা নিয়া ছিলা, হামরা মুক্ত হমো সউগ শ্যাস হয়া গেউল।’ ছিটের কছুরন বেওয়া বলেন, ‘কালকা ছিটের মানষের কি আনন্দ ছিল। সউগ মাটি হয়া গেউল।’এদিকে পঞ্চগড় জেলার ভেতরে অবস্থিত ভারতীয় ছিটমহলের অধিবাসীরা বাংলাদেশের নাগরিকত্বের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন। পঞ্চগড় জেলার ভেতরে ৩৬টি ভারতীয় ছিটমহলের অধিবাসীরা এতে অংশগ্রহণ করবে। গতকাল গাড়াতী ছিটমহলে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা ও গাড়াতী ছিটমহলের চেয়ারম্যান মফিজার রহমান সাংবাদিকদের বলেন, ‘পঞ্চগড়ে অবস্থিত সব ছিটমহলের চেয়ারম্যানদের সম্মতিতে আমরণ অনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চুক্তি কার্যকর হলে বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের সঙ্গে এবং বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের সঙ্গে একীভূত হবে। এতে ছিটের হাজার হাজার বাসিন্দার দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা, ভোগান্তি, কষ্ট লাঘব হতো। কিন্তু প্রোটোকলের নামে আবারও ছিটমহল বিনিময়ের বিষয়টি ঝুলিয়ে দেওয়া হলো। এতে বাংলাদেশ-ভারতের ১৬২ ছিটের অধিবাসীরা চরম হতাশ হয়েছে। গোলাম মোস্তফা বলেন, ‘আমরা এ প্রটোকল মানবো না। দুই দেশের ছিটবাসীরা ঐকবদ্ধ হয়ে খুব শিগগিরই গণঅনশনসহ লাগাতার বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। এ কর্মসূচিগুলো উভয় দেশে পালিত হবে।’