কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহল বিনিময়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে কুড়িগ্রামে ভারতীয় ছিটমহলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত আছে। গতকাল রোববার রাতেও তাঁরা নিষ্প্রদীপ রাতযাপন কর্মসূচি পালন করেছেন। ছিটমহলের ঘরগুলোতে জ্বলেনি কোনো বাতি।একই দাবিতে ভারতীয় সীমান্তের ভেতরে থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা আজ সোমবার ও কাল মঙ্গলবার নিষ্প্রদীপ রাতযাপনের কর্মসূচি পালন করবেন।কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভেতরে ১০টি ভারতীয় ছিটমহলে গতকাল দিনভর বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। গাওচুলকা ছিটমহলে এক প্রতিবাদ সমাবেশে রেজিনা বেওয়া নামের একজন বলেন, ‘আমি বুড়া মানুষ, স্বামী মারা গেছে অনেক দিন। ছাওয়ারা ভাত দেয় না। কোনো দ্যাশের সরকার দেখে না। আমি বাঁচি কেমুন কইরা বাপু। বাংলায় (বাংলাদেশ) আমার মতো দুঃখী গো সরকার সাহায্য দেয়। আমাগড়ে দ্যাশ নাই, সরকার নাই; কেউ দেখে না। ভারতে যাইতে চাইলে পুলিশ আটকায়। বাংলা দ্যাশের ভিতরে ছিটে থাকি। হেইটাই আমাগরে দ্যাশ।’সমাবেশে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে ছিটমহলগুলোতে সাংগঠনিক সফর শুরু করেছি। যত দিন পর্যন্ত ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন না হয়, আমাদের আন্দোলন চলবে।’মতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার সহসভাপতি মো. ময়নুল হক, সাহেবগঞ্জ ছিটমহলের আনসার আলী, দীর্ঘলটারীর খোকন মিয়া, ছেউটি কুরশার হাসান আলী, রেজিনা বেগম ও রোকেয়া খানম।এদিকে, ভারতীয় সীমান্তের ভেতরে থাকা বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা আজ থেকে দুই দিন সন্ধ্যার পর আলো জ্বালাবেন না। এর মধ্যে হিন্দু ছিটমহলবাসী সন্ধ্যার প্রদীপ জ্বালাবেন না। আর মুসলিম ছিটমহলবাসী মাগরিবের নামাজের পর থেকে জ্বালাবেন না আলো। এ তথ্য জানিয়েছেন ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটির ভারত শাখার সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত। তিনি বলেন, ছিটমহলের আশপাশে বেশ কয়েকটি বিদ্যালয়ে গতকাল ব্যবস্থাপনা কমিটির নির্বাচন থাকায় ছিটমহলবাসী বাংলাদেশের এই আন্দোলনের দুই দিন পর এখানে শামিল হচ্ছেন।দীপ্তিমান সেনগুপ্ত বলেন, অবিলম্বে উভয় দেশের ছিটমহল বিনিময়ের তারিখ ঘোষণা না হলে আগামী ২ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ৫১টি বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা একযোগে তীব্র আন্দোলন গড়ে তুলবেন। ওই দিন থেকে কোচবিহারের শহীদবাগ ময়দানে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনও শুরু করবেন ছিটমহলবাসী। একই আন্দোলন শুরু হবে বাংলাদেশেও।প্রসঙ্গত, বাংলাদেশ ভূখণ্ডে ১১১টি ভারতীয় ছিটমহল রয়েছে।