কুড়িগ্রামে বিজিবি সদস্যের পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু!
কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোয়েন্দা শাখার এক সদস্যের পিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। জেলার ফুলবাড়ী সীমান্তসংলগ্ন একটি এলাকায় গত সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সহিদার রহমান (৩৮)। তিনি ফুলবাড়ী নাওডাঙ্গা ইউনিয়নের বারাইপাড়া গ্রামে শহর উদ্দিনের ছেলে। পিটুনিতে আহত সহিদার সোমবার রাতে হাসপাতালে মারা যান। ময়নাতদন্ত শেষে মরদেহ গতকাল মঙ্গলবার নিজ গ্রামে দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশের ভাষ্যমতে, সহিদার সোমবার বিকেলে আত্মীয়র বাড়িতে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কুরুষা-ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ দিয়ে যাওয়ার সময় বিজিবির গোয়েন্দা শাখার সদস্য ল্যান্স নায়েক জালাল তাঁর পথ রোধ করেন। সহিদারের কাছে গাঁজা আছে বলে জালাল চ্যালেঞ্জ করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জালাল গাছের ডাল দিয়ে সহিদারকে বেদম মারধর করেন। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন সহিদার। তখন তাঁকে সেখানে ফেলে রেখে পালিয়ে যান জালাল।
পরে এলাকাবাসী সহিদারকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত সহিদারের স্ত্রী জয়গুন অভিযোগ করেন, আত্মীয়র বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সহিদারকে লাঠি দিয়ে মারধর করে আহত করা হয়েছিল। এ কারণে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী জেলেখা বেগম, বক্কর আলী ও হাছিনা বেগম জানান, মারপিটের সময় তাঁরা বিজিবির জালালকে অনেক অনুরোধ করেন। তবে জালালকে থামাতে ব্যর্থ হন তাঁরা। কিন্তু মারধরের চোটে সহিদার অচেতন হয়ে পড়লে জালাল পালিয়ে যান।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মার খাওয়ার পর সহিদারের মুখ দিয়ে লালা ঝরছিল। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। জানতে চাইলে কুড়িগ্রাম ৪৫ বিজিবির শিমুলবাড়ি কোম্পানি সদর দপ্তরের কোম্পানি কমান্ডার সুবেদার রহমত আলী বলেন, হূদেরাগে আক্রান্ত হয়ে সহিদারের মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’