কুড়িগ্রামে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে গতকাল বৃহস্পতিবার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত লোকজন ঠিকাদারকে বিদ্যালয়ের কক্ষে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর আবিরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সম্প্রসারণের কাজ চলছে। ১৯ লাখ টাকা ব্যয়ে ভবনটির দোতলার বর্ধিতাংশ নির্মাণের এ কাজ পান গোলাম মোস্তফা নামের একজন ঠিকাদার। গতকাল বেলা ১১টার দিকে ওই অংশের ছাদ ধসে পড়ে। এ সময় নির্মাণকাজে নিয়োজিত দুই শ্রমিক দুলাল মিয়া (৩০) ও সমিনুর রহমান (১৮) আহত হন। দুলাল মিয়ার কোমর ও হাত ভেঙে গেছে। বাঁশের আঘাতে সমিনুরের মাথা ফেটে গেছে। তাঁদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী মোজাহিদসহ পাঁচজন বলে, তারা শ্রেণিকক্ষে ছিল। হঠাৎ শব্দ হলে শিক্ষক শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যান। তাঁর পেছনে পেছনে তারাও বের হয়ে দেখতে পায়, ছাদ ভেঙে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আহম্মদ হোসেন ও জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, নিম্নমানের কাজ হওয়ায় ভবনের ছাদ ধসে পড়েছে। ছাদ ঢালাইয়ে নিম্নমানের বালু ব্যবহার করা হয়েছে। আর সিমেন্ট ও রড ব্যবহার করা হয়েছে একেবারে কম পরিমাণে।
এদিকে ছাদ ধসের খবর শুনে ঠিকাদার গোলাম মোস্তফা ঘটনাস্থলে এলে জনতার রোষানলে পড়েন তিনি। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁকে বিদ্যালয়ের একটি কক্ষে প্রায় দুই ঘণ্টা তালাবদ্ধ করে রাখেন।
ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। এরপর এলাকাবাসীকে ঘটনার যথাযথ তদন্ত করার প্রতিশ্রুতি দিয়ে ঠিকাদারকে মুক্ত করে আনি।’
ঠিকাদার গোলাম মোস্তফা নিম্নমানের কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ভবনের বাইরের অংশে তিন দিন আগে ঢালাই দেওয়া হয়। শ্রমিকেরা না বুঝে ওই ঢালাইয়ে ব্যবহৃত বাঁশের খুঁটি সরিয়ে ফেলতে গেলে ছাদটি ধসে পড়ে।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা ও এলজিইডির প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।