কুড়িগ্রামে বেপরোয়া ছাত্রলীগ
কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীরা বেপরোয়া হয়ে উঠছেন। তাঁদের সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত রোববার রাতে কলেজের শহীদ ওহাব ছাত্রাবাসের ছাদে বসে লোকজন নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রলীগের এক নেতা। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে ওই নেতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরদিন বেলা ১১টায় প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থীদের সামনে ওই নেতা ছাত্রাবাসের হল সুপার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ইলিয়াস আলীকে গালাগাল করেন ও হুমকি দেন। পরে অধ্যক্ষ সবাইকে ডেকে বিষয়টি মীমাংসা করেন।এর আগে ২৩ জুলাই কলেজে সম্মান শ্রেণীর চতুর্থ বর্ষের ফরম পূরণের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করে। এ সময় ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক ওয়াহেদ্দুনবী সাগরের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা সেখানে হামলা ও মারধর করে। এতে জেলা ছাত্রফ্রন্টের সমন্বয়ক আতিকুর রহমান ও ছাত্র ইউনিয়ন কলেজ শাখার আহ্বায়ক নিরঞ্জন চন্দ্র আহত হন।২৪ জুলাই একই দাবিতে প্রগতিশীল ছাত্রজোট কলেজে অবস্থান নিলে ছাত্রলীগ আবারও হামলা চালায়। হামলায় ছাত্রফ্রন্টের কামরুন নাহার ও স্বপন এবং ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সাম্য রাইয়ান আহত হন।এ দুটি ঘটনায় তাঁরা কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এতে অভিভাবকেরা বিক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার অধ্যক্ষের কাছে অভিযোগ করলে তিনি তদন্ত করে দেখবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় অভিভাবক আ. কাদের বলেন, ‘ফরম পূরণে বেশি টাকা চাইলে না দেওয়ায় ছাত্রলীগ নেতারা আমার মেয়েকে লাঞ্ছিত করেছে। আমি এর বিচার চাই।’ জামাল উদ্দিন বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ টাকা বৃদ্ধি করায় শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে। সেখানে ছাত্রলীগ এসে মারপিট করবে কেন?’ কলেজ ও থানা সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ ডিসেম্বর ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি তাসাদ্দুক হোসেন দর্শন বিভাগের প্রভাষক সাদাকাত হোসেনকে মারধর করেন। এ ঘটনায় বিচারের চেয়ে শিক্ষকেরা থানায় একটি জিডি করেন এবং জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দেন। পরে বিষয়টি ধামাচাপা পড়ে যায় এবং ওই শিক্ষককে অন্যত্র বদলি করা হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ময়নুল ইসলাম বলেন, কলেজ থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছিল, পরে তারা যোগাযোগ করেনি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাগুলো দুঃখজনক। শিক্ষক ও মেয়েদের ওপর হামলা করায় আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন বলেন, অভিভাবকেরা তাঁর কাছে এসেছিলেন। তাঁদেরকে বলেছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।