কুড়িগ্রামে বৈরী আবহাওয়া আমন নিয়ে শঙ্কা
ভাদ্রের তীব্র রোদ এবং অনাবৃষ্টির কারণে কুড়িগ্রামে আমন আবাদে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রচণ্ড রোদ-তাপে রোপণ করা আমনের চারা লাল হয়ে যাচ্ছে। পানির অভাবে জমিগুলো ফেটে যাচ্ছে। বিভিন্ন স্থানে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কৃষকেরা বোরো উৎ পাদন নিয়ে শঙ্কিত। তবে কৃষি বিভাগ কৃষকদের বৃষ্টির ওপর নির্ভরশীল না থেকে জমিতে সেচ দেওয়ার পরামর্শ দিয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা কার্যালয় সূত্র জানায়, জেলায় চলতি বছর এক লাখ ১৪ হাজার ২৪৮ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল। এ পর্যন্ত আবাদ হয়েছে এক লাখ ১৯ হাজার ৫৫০ হেক্টরে। গত দুই সপ্তাহে জেলায় বৃষ্টি না হওয়ায় কৃষকেরা বিপাকে পড়েছেন। এবার রুক্ষ আবহাওয়ার কারণে জমির পানি শুকিয়ে চারা লাল হয়ে যাচ্ছে। প্রতিবছর জেলায় তাপমাত্রা বাড়ছে। জেলার রাজারহাট, নাগেশ্বরী, উলিপুর, চিলমারী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এই অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার রাজারহাট উপজেলার উপোন চৌকি গ্রামে গিয়ে দেখা গেছে, পানির অভাবে অনেক জমি ফেটে গেছে। তীব্র রোদ-তাপে ধানের চারা লাল হয়ে গেছে। কৃষকেরা জানান, তিন সপ্তাহ ধরে এলাকায় খরায় পুড়ে যাচ্ছে জমি। সচ্ছল কৃষকেরা সেচ দিয়ে ফসল রক্ষার চেষ্টা চালাচ্ছেন। কৃষক আফজাল হোসেন বলেন, ‘আমন আবাদ বৃষ্টির ওপর নির্ভরশীল। বৃষ্টি না হওয়ায় শ্যালো মেশিন দিয়ে পানি দিচ্ছি। এতে উৎ পাদন খরচ অসম্ভব বেড়ে যাবে। পানির অভাবে জমিতে সার দিতে পারছি না। খেতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে।’ উলিপুর উপজেলার দুর্গাপুর, সদরের কাঁঠালবাড়ী, রাজারহাটের ছিনাই, ঘড়িয়ালডাঙ্গা, উমরমজিদ, চাকিরপশার ও রাজারহাট সদর এলাকায় গিয়ে দেখা গেছে, আমন ধানের চারা পানির অভাবে লাল হয়ে গেছে। কৃষকেরা জমিতে সেচ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষ জানান, দু-এক দিনের মধ্যে বৃষ্টি না হলে আমন ধান উৎ পাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা বেশি। অতিরিক্ত খরার কারণে ধানের চারাগুলো শুকিয়ে লালচে হয়ে গেছে। এ ছাড়া চার-পাঁচ হেক্টর জমিতে মাজরা পোকার আক্রমণের খবর পাওয়া গেছে। কৃষকদের জমিতে দ্রুত সেচ দিতে বলা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজনুর রহমান বলেন, এ অবস্থা চলতে থাকলে খরার সৃষ্টি হবে। জমিতে সেচ দিলে ফলনে তেমন হেরফের হবে না। আর বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পটাশ সার বিঘাপ্রতি পাঁচ কেজি এবং জিপসাম আড়াই থেকে তিন কেজি দিলে চারার লাল রং থাকবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক অলক কুমার সরকার অবহাওয়ার বিরূপ প্রভাবের কথা স্বীকার করে বলেন, ইতিমধ্যে কৃষকদের জমিতে সেচ দিতে বলা হয়েছে।