কুড়িগ্রামে ব্যালট ছিনতাই, পুলিশের গুলি

কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে হলোখানা দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে। ওই কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা ভোট বন্ধ ছিল।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আক্তারুজ্জামান জানিয়েছেন, বেলা ১১টার দিকে একদল লোক হঠাত্ করে ভোটকেন্দ্রে হামলা চালায়। এ সময় তারা ৭ নম্বর বুথ ভাঙচুর করে। কেন্দ্র থেকে তারা ৩০০ ব্যালট পেপার ছিনতাই করে। এ সময় ভোটাররা ছোটাছুটি শুরু করেন। নিরাপত্তা বজায় রাখার স্বার্থে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে স্ট্রাইকিং ফোর্সের সহযোগিতায় এক ঘণ্টা পর আবার ভোট গ্রহণ শুরু হয়।
এলাকাবাসী আমিনুল ও বাবলুর অভিযোগ, আনারস মার্কার সমর্থকেরা ওই কেন্দ্রে হামলা করেছে। প্রায় ৪০ মিনিট ধরে কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে।
পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার জানান, ঘটনার ৪০ মিনিট পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (ফুলবাড়ী) শেখ বেলায়েত হোসেন নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ দুটি ফাঁকা গুলি চালায়।
ইউএনও বেলায়েত হোসেন জানান, ভোটকেন্দ্র থেকে ছিনতাই হয়ে যাওয়া ১০০ পাতার একটি ব্যালট বই পার্শ্ববর্তী বাজার থেকে উদ্ধার করা হয়েছে।