কুড়িগ্রামে ভূমি কার্যালয়ের তথ্য পেতে অ্যাপস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ভূমি কার্যালয় থেকে তথ্য পেতে ‘ভূমি ও রেজিস্ট্রি সেবা’ নামের একটি অ্যাপস চালু হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসক হলরুমে এ অ্যাপসের উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
মুঠোফোনে এই অ্যাপস ব্যবহার করে দলিলের ফরম, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি, খরচ, দলিলের নকল প্রাপ্তিসহ ভূমি-সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। এতে তথ্য পেতে ভূমির মালিকদের সময় ও খরচ কমবে। যেকোনো অ্যান্ড্রয়েডচালিত মুঠোফোনে গুগল প্লে স্টোরে বাংলায় ভূমি ও রেজিস্ট্রি সেবা লিখে সার্চ দিলে অ্যাপসটি বিনা মূল্যে পাওয়া যাবে।
এটি তৈরি করেছেন ভূরুঙ্গামারী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. শাহজাহান আলী। তিনি বলেন, ‘রেজিস্ট্রি অফিসে কাজের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে অ্যাপসে তুলে ধরেছি। সেবা পেতে সাধারণ মানুষের মূল্যবান সময়, ব্যয় ও যাতায়াত খরচ কমে যাবে। বর্তমানে বেশির ভাগ তথ্য ও পরামর্শের জন্য আইনজীবী, দলিল লেখক বা দালালের ওপর নির্ভর করতে হয়। অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ করলে সাধারণ মানুষকে আর হয়রানির শিকার হতে হবে না।’
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, ‘সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী ভূমি ও রেজিস্ট্রি-সংক্রান্ত তথ্যপ্রাপ্তি সহজ করার জন্য অ্যাপস তৈরি করেছেন। আমরা এখন থেকে ভূমি-সংক্রান্ত সব তথ্য এই অ্যাপসের মাধ্যমে জানতে পারব।’