কুড়িগ্রামে ভোটারদের উপস্থিতি ছিল কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে চারটি আসনের মধ্যে দুটিতে গতকাল রোববার ভোট গ্রহণ করা হয়েছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। বিএনপি ও জামায়াত প্রভাবিত কয়েকটি কেন্দ্রে ভোটারদের দেখা যায়নি। কেন্দ্রগুলোতে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গতকাল কুড়িগ্রাম-১ আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ বি এম আজাদ জানান, কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) ও কুড়িগ্রাম-৪ (রৌমারী-রাজীবপুর ও চিলমারীর আংশিক) আসনে অনুষ্ঠিত নির্বাচনে এ পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। কুড়িগ্রাম-১ আসনে ২২৬টি ভোটকেন্দ্রে গ্রহণ করা হচ্ছে। কুড়িগ্রাম-৪ আসনে ১০৬টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারীর হাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল আটটা ২০ পর্যন্ত অপেক্ষা করে চারজন ভোটারকে পাওয়া যায়। এ কেন্দ্রে ভোটারের সংখ্যা তিন হাজার ৬২ জন। বেলা দুইটা পর্যন্ত এ কেন্দ্রে ৫০০টি ভোট পড়ে।
সকাল সাড়ে আটটায় কাচারী পয়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোট পড়েছে মাত্র আটটি। এখানে মোট ভোটারের সংখ্যা এক হাজার ৯৬৭। বেলা পৌনে দুইটা পর্যন্ত ভোট দেন ৪৫০ জন। সকাল আটটা ৪০ মিনিটে পাশের পয়রাডাঙ্গা উচ্চবিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে কোনো ভোটার পাওয়া যায়নি।
বেলা ১১টায় ভিতরবন্দ জেডি একাডেমি ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রের বাইরে স্লিপ নেওয়ার জন্য ভোটারদের জটলা। মোল্লাপাড়া কেরামতিয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোটারদের ছোট লাইন দেখা যায়। পশ্চিম পয়রাডাঙ্গা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে বেলা একটা পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিল খুব কম। প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মান্নান মিয়া জানান, গভীর রাতে কেন্দ্রটির বাইরে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তাই হয়তো ভোটার উপস্থিতি কম। পাশের নন্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকেও কোনো ভোটার ছিলেন না। ভোটকেন্দ্রের বাইরে প্রচুর মানুষ থাকলেও ভোটকেন্দ্রে যাচ্ছেন না কেউ। ওই এলাকার জয়নাল আবেদীন জানান, এখানে বিএনপি ও জামায়াতের প্রভাব বেশি। তাই ভোট দিতে কেউ আগ্রহী নন।
তবে প্রায় সব কটি কেন্দ্রে সংখ্যালঘু ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারীর হাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা রবীন্দ্র নাথ রায়, বিজলী রানী, পারুল রানী ও কার্তিক রায় জানান, সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে তাঁরা ভোট দিতে এসেছেন। ভিতরবন্দ জেডি একাডেমি ভোটকেন্দ্রে আসা গৃহবধূ পিংকি জানান, তাঁরা পরিবারের সবাই মিলে ভোট দিতে এসেছেন। কোনো সমস্যা হয়নি। একই অবস্থা কুড়িগ্রাম-১ আসনের অন্যান্য ভোটকেন্দ্রের। তীব্র শীত ও ঘন কুয়াশা পড়ায় ভোটার উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন ভোটকেন্দ্রে উপস্থিত প্রার্থীদের এজেন্টরা।