কুড়িগ্রামে মাষকলাই খেতে ভাইরাস
কুড়িগ্রামের চরাঞ্চলে কয়েক শ একর জমির মাষকলাই খেত মোজাইক ভাইরাস রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে।
সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চর, রাউলিয়া, নাগেশ্বরী উপজেলার মিরকামারী, বারবিশ, পদ্মার চর, কচাকাটা, কেদার, নারায়ণপুর ও বল্লভেরখাস ইউনিয়নের বিভিন্ন চরে মাষকলাই কৃষকদের প্রধান ফসল। গত বুধবার সরেজমিনে এসব চর ঘুরে মাষকলাই খেতে ভাইরাসের আক্রমণের সত্যতা মিলেছে।
প্রথম আলো চরে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ মাষকালাই নষ্ট হয়ে গেছে। কৃষক মনছের আলী বললেন, বন্যার পানি নেমে যাওয়ার পরপরই তিনি ১১ বিঘা জমিতে কলাইয়ের চাষ করেন। প্রায় সবই নষ্ট হয়ে গেছে।
নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মোজাইক ভাইরাসের আক্রমণে মাষকলাই গাছ বাদামি রং ধারণ করে। আক্রান্ত গাছে ফুল আসে না; আবার ফুল এলেও ফলের ভেতরে দানা থাকে না। ভাইরাসের আক্রমণের কারণ হিসেবে তিনি বলেন, যেসব কৃষক স্থানীয় বীজ দিয়ে দেরিতে কালাই চাষ করেছেন, তাঁদের ক্ষতি হয়েছে বেশি। আগাম খেতে কম প্রভাব পড়েছে।
নারায়ণপুরের কৃষক জহির উদ্দিন বলেন, পরিবেশ অনুকূলে থাকায় শুরুতে মাষকলাই খেত খুবই ভালো হয়েছিল। তিনি আশা করছিলেন, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। কিন্তু গাছে ফুল আসার পরই ঘটে বিপত্তি। সব গাছ হলুদ হয়ে মরে যেতে শুরু করে।
কৃষকেরা বলছেন, এবারের বন্যায় চরাঞ্চলবাসী ব্যাপক ক্ষতির মুখে পড়েন। কিন্তু সাপে বর হিসেবে বন্যার সঙ্গে এসেছিল পলিমাটি। তা জমে ফসল খেত উর্বর হয়ে ওঠে। ফলে মাষকলাই চাষের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় ছিলেন তাঁরা। কিন্তু এমন এক রোগ তাঁদের সবকিছু শেষ করে দিল, যা আগে কখনো দেখেননি তাঁরা।
কেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, চরের মানুষের জীবিকার প্রধান উৎস হচ্ছে এই মাষকলাই চাষ। ভাইরাস কলাই খেত নষ্ট করে দেওয়ায় কৃষকেরা খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
কুড়িগ্রাম কৃষি বিভাগের উপপরিচালক মকবুল হোসেন বলেন, এবার জেলায় ২ হাজার ৭২০ হেক্টর জমিতে মাষকলাই চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার মেট্রিক টন। তবে মোজাইক ভাইরাসের কারণে এতে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। মকবুল হোসেন বলেন, এ ভাইরাস যাতে অন্য কোথাও ছড়িয়ে না পড়ে, সে জন্য জাবপোকা ও সাদামাছি নিয়ন্ত্রণে কৃষককে পরামর্শ দেওয়া হয়েছে।