কুড়িগ্রামে মেয়রসহ আ.লীগের ৯, বিএনপির ৩ কাউন্সিলর পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের মোট ৯ জন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কাউন্সিলর পদে বিএনপির তিন ও স্বতন্ত্র একজন নির্বাচিত হয়েছেন।
এ পৌরসভার ভোটার সংখ্যা ৫১ হাজার ২৮ জন। বৈধ ভোট ৩৬ হাজার ৮০০টি। ভোট পড়েছে শতকরা ৭২ দশমিক ৭৩ ভাগ। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সর্বনিম্ন ৫৮ ভাগ ভোট পড়েছে কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে। এখানে ভোটাধিকার প্রয়োগ করেন কলেজপাড়া এলাকার ভোটাররা। আর সবচেয়ে বেশি ৮৮ ভাগ ভোট পড়ে কুড়িগ্রাম ফেরিঘাট মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাধারণ ওয়ার্ডে নির্বাচিত নয়জন কাউন্সিলরের মধ্যে সাতজন আওয়ামী লীগের এবং দুজন বিএনপি-সমর্থিত। সংরক্ষিত তিন ওয়ার্ডের মধ্যে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি এবং একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৪ জন।
আওয়ামী লীগের বিজয়ী মেয়র পদপ্রার্থী আবদুল জলিল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুল ইসলাম নুরু।
এ পৌরসভার ৫১ হাজার ২৮ ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৭ হাজার ২৬৭ জন। এর মধ্যে বাতিল ভোট ৪৬৭টি।