কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গতকাল মঙ্গলবার জমিসংক্রান্ত বিরোধে শওকত (৩২) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। এ সময় উভয় পক্ষের পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভূরুঙ্গামারীর পাথরডুবি গ্রামে ৪৮ বিঘা জমি নিয়ে একই গ্রামের ইউনুছ আলী (৬০) ও আছর উদ্দিনের (৩৮) মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছিল। ইউনুছের ছোট ভাই শওকত আলী (৩২) গতকাল সকালে জমির পাশ দিয়ে যাওয়ার সময় আছর উদ্দিনের পক্ষের লোকজন শওকতকে মারধর করার পর জবাই করে হত্যা করে। এ সময় তাঁকে সাহায্যের জন্য এগিয়ে এলে শহিদুল (৩৫), শাহজাহান (৪০), মমেনা (৩৮) ও মজিদ (৩৫) নামের চারজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ভূরুঙ্গামারী থানায় এ ব্যাপারে হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ দুজন নারীসহ পাঁচজনকে আটক করেছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।