কুড়িগ্রামে যুবদল ছাত্রদলের সংঘর্ষ আহত ৯
কুড়িগ্রামে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গতকাল বুধবার যুবদল ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুবদল নেতাসহ নয়জন আহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে সদরের মোগলবাসা সড়কে জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আজিজের বাড়ির সামনে যুবদলের কর্মী ব্রাইটের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল জেলা ছাত্রদলের সভাপতি আবু দারদা ওরফে হেলালের ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করে। এ ঘটনার প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীরা তাত্ক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল এবং ঘোষপাড়ায় সমাবেশ করেন। এরপর ছাত্রদলের নেতা-কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে এ হামলার বিষয়টি জানাতে সরদারপাড়া এলাকায় গেলে তাঁদের ওপর আবারও যুবদলের কর্মীরা হামলা চালায়। এ সময় দুই দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ হামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ আল হামিদুজ্জামান, এনামুল হক, লিটু, রেজু, মিজান, সোহেল এবং যুবদলের শহর শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম দুলাল ও তুষার আহত হন।হাসপাতালে চিকিত্সাধীন ছাত্রদল নেতা মাহমুদ আল হামিদুজ্জামান জানান, জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির গঠন নিয়ে কোন্দলের জের ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নির্দেশে ব্রাইট, আজিজুল, সফি, নাদিম আমাদের ওপর হামলা চালায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘আমি সরদারপাড়ার বাসায় নামাজ পড়ছিলাম। এ সময় বাইরে কী ঘটেছে, সে সম্পর্কে আমি কিছু জানি না।’