কুড়িগ্রামে যুবদল নেতাসহ পাঁচজনের জেল, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে গতকাল বুধবার ভোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে যাত্রা, মাদক ও জুয়ার আসরে হানা দিয়ে জেলা যুবদলের নেতাসহ পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন।
কুড়িগ্রাম কালেক্টরেটের নির্বাহী হাকিম মহিউদ্দিন জাহাঙ্গীরের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত শহরে এই অভিযান চালান। এ সময় হরিকেশ এলাকায় মাদকদ্রব্য সেবনকালে আবদুল মজিদ ও অরুণ সরকারকে হাতেনাতে আটক করে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। একই আদালত মোল্লাপাড়া এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে জেলা যুবদলের নেতা সাজ্জাদ হোসেন চৌধুরী, রেজাউল ইসলাম ও প্রদীপ দাসকে হাতেনাতে আটক করেন। পরে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত পাঁচজনকে গতকাল বুধবার সকালে সদর থানার পুলিশ কুড়িগ্রাম কারাগারে পাঠায়।
মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, জেলা প্রশাসকের এ অভিযান চালানো হয়।