কুড়িগ্রামে যুবদলের দুই পক্ষ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে কুড়িগ্রাম জেলা যুবদল দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।দুই পক্ষের মধ্যে চলা দ্বন্দ্ব মেটাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নেছার উদ্দিন আহাম্মেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় কুড়িগ্রামে আসেন। গভীর রাত পর্যন্ত তাঁরা উভয় পক্ষের নেতা-কর্মীদের নিয়ে দুটি স্থানে সভা করলেও সমস্যার সমাধান হয়নি। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা যুবদলের আহ্বায়ক ও পৌরসভার মেয়র নূর ইসলাম এবং অপর পক্ষে আছেন যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম ও যুববিষয়ক সম্পাদক সামিউর রহমান।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে কুড়িগ্রাম জেলা যুবদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক হন পৌরসভার মেয়র নূর ইসলাম। জেলা বিএনপির সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় যুবদল এ কমিটি ঘোষণা করে। সিদ্ধান্ত ছিল জেলার নয়টি উপজেলা কমিটি করে পরবর্তী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। কিন্তু পৌনে তিন বছর পরও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এ নিয়ে দলের মধ্য বিরোধ সৃষ্টি হয়।যুবদল নেতা মাজেদুল ইসলাম বলেন, ‘সাধারণত আহ্বায়ক কমিটি গঠন করা হয় তিন মাসের জন্য। কিন্তু পৌনে তিন বছরেও ওই কমিটি সম্মেলন করতে পারেনি। তাই বাধ্য হয়ে কেন্দ্রকে এ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা জন্য অনুরোধ জানিয়েছি।’সামিউল ইসলাম অভিযোগ করেন, কেন্দ্রের নির্দেশমতো জেলা কমিটি না করে নূর ইসলাম পকেট কমিটি করে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছেন। এ জন্য নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সংঘর্ষ হতে পারে। এ প্রসঙ্গে নূর ইসলাম বলেন, ‘আমি কাউন্সিল করে বিদায় নিতে চাই। ইতিমধ্যে কেন্দ্রকে বিষয়টি জানিয়েছি।’ কমিটি ভেঙে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কমিটি থাকতে ভেঙে দেওয়ার প্রশ্ন আসে না। আমি এ পদ আঁকড়ে থাকতে চাই না।’