কুড়িগ্রামে রাজারহাটে গ্রেপ্তার আটজনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্রেপ্তার আটজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারিক হাকিম মো. হাবিবুর রহমান শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। এর আগে গত ২৭ জানুয়ারি রাজারহাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।আদালত আবদুল জলিল সরকার ও তাঁর ছেলে মাহফুজার রহমানের বিরুদ্ধে পাঁচ দিনের এবং আবদুল হাই, রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, লুৎফর রহমান, আসাদু্জ্জামান ও হাসান বসুনিয়ার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. রেজাউল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ কারণে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়। পরে আদালত এ রায় দেন। তিনি আরও জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামের জলিল সরকারের ছেলে মাহফুজারের ই-মেইলে প্রশ্নপত্র ঢাকা থেকে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁস ও অন্যান্য অপকর্ম চালাচ্ছেন।রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুল হক জানান, এ ঘটনায় গত ২৭ জানুয়ারি ডিবির উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।