কুড়িগ্রামে লক্ষাধিক মানুষ পানিবন্দী
ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ বেশ কয়েকটি নদনদীর পানি বেড়েই চলেছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।
আজ শনিবার ধরলা নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।
নদনদীর পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার নয়টি উপজেলার চার শতাধিক চরগ্রাম ও দ্বীপচরের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গ্রামীণ সড়ক নিমজ্জিত হওয়ায় অনেক এলাকার যোগাযোগও বিচ্ছিন্ন। দুর্যোগ-কবলিত মানুষ ও গবাদি পশুর খাদ্য-সংকট দেখা দিয়েছে। বন্যার কারণে আমন ধানের খেত, বীজতলা ও সবজি খেত পানিতে ডুবে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যার পানিতে অনেক পুকুর ডুবে যাওয়ায় চাষিদের মাছ ভেসে গেছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ধরলায় ৩০ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রে ৫১ সেন্টিমিটার, দুধকুমারে ৫০ সেন্টিমিটার ও তিস্তায় ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। একই সঙ্গে চলছে ভারী বর্ষণ। গত ২৪ ঘণ্টায় চিলমারী পয়েন্টে ৩১৬ মিলিমিটার, কাউনিয়ায় ২৬৭ মিলিমিটার ও ধরলা ফেরিঘাট পয়েন্টে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।