কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে পাটখেতের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে পাটখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলের আঘাতে পাটগাছের আগা ছিঁড়ে যাওয়ায় এসব খেত থেকে পাটখড়ি ছাড়া আর কোনো ফসল পাওয়া যাবে না বলে কৃষকেরা জানিয়েছেন। নেক ব্লাস্ট রোগে বোরো ধানের ব্যাপক ক্ষতির পর পাটের মতো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ১৮ হাজার ৬০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। তবে কী পরিমাণ জমির পাট শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এ হিসাব জানাতে পারেনি কৃষি বিভাগ।
খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম জেলা সদরের চর সুভারকুটি, চর কুড়িগ্রাম, আরাজি পলাশবাড়ী, খামার হলোখানাসহ জেলার উলিপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকেরা জানান, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের।
জেলা সদরের চর কুড়িগ্রামের কৃষক মাইদুল ইসলাম জানান, গত বুধবার রাত ও বৃহস্পতিবার সকালের শিলাবৃষ্টিতে তাঁর নিজেরসহ এলাকার সব পাটগাছের আগা ছিঁড়ে গেছে। পাটগাছের আগা ছিঁড়ে গেলে ওই খেত থেকে আর ফলন পাওয়া যায় না। এ অবস্থায় খুব দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান কৃষক মাইদুল।
একই এলাকার খোরশেদ আলী ও তমিজ উদ্দিন বলেন, কিছু ধানখেত নেক ব্লাস্টে নষ্ট হয়েছে। আশা ছিল পাটের ফলন নিয়ে, পাটখেতও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেল। এখন কী খেয়ে বাঁচবেন, তা নিয়ে চিন্তায় আছেন বলে জানান এই দুই কৃষক।
এ ছাড়া উলিপুর ও চিলমারীতে গত দুই দিনের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। উলিপুর পৌর এলাকার মজিবর রহমান ও চিলমারীর বজরা এলাকার কৃষক আমিনুল ইসলাম বলেন, বাতাস ও শিলে পাটগাছের আগা ছিঁড়ে গেছে। বড় গাছ ভেঙে পড়েছে। এসব পাটখেত থেকে খড়ি ছাড়া আর কিছু পাওয়া যাবে না। তাঁরা আরও বলেন, এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত পাটখেতে নতুন করে আবাদ করা দুরূহ ব্যাপার। এ অবস্থায় সরকারি সহায়তা কামনা করেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মকবুল হোসেন শিলাবৃষ্টিতে পাটের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করে বলেন, আগা ছিঁড়ে যাওয়া পাটগাছ থেকে কোনো ফলন পাওয়া যাবে না, কথাটা ঠিক না। তবে ওই সব খেতে অন্য কোনো নতুন ফসল আবাদ করা যেতে পারে। প্রকৃতপক্ষে জেলায় পাটখেতের কী পরিমাণ ক্ষতি হয়েছে, এর হিসাব নিরূপণের কাজ চলছে বলে জানান তিনি।