কুড়িগ্রামে শীতজনিত রোগে একমাসে ১৪ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে শীতজনিত রোগে একমাসে ১৪ শিশুর মৃত্যু হয়েছে। জেলায় তীব্র শীতে গরম কাপড়ের অভাবে দরিদ্র মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। গত দুই দিন সূর্যের মুখ দেখা যায়নি। গতকাল শনিবার দুপুরের দিকে সামান্য বৃষ্টি শীত বাড়িয়েছে কয়েক গুণ। রংপুরেও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম জানান, জেলায় শীতের তীব্রতা বেড়েছে। গত মাসে শীতজনিত রোগে আক্রান্ত ১৬০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ১৪টি শিশু মারা গেছে। রংপুর আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, দু-একদিনের মধ্যে শীতের তীব্রতা আরও বাড়বে। জেলায় শীতের তীব্রতা বেশি হওয়ায় জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গতকাল ধরলা নদীর পারে ওয়াপদা বাঁধ এবং ভেলা কোপা এলাকায় গিয়ে দেখা যায়, ছোট ছোট ঝুপড়ি ঘর তুলে দরিদ্র মানুষ বসবাস করছে। হু হু করে বাতাস ঘরে ঢুকছে। স্থানীয় কদর ভান বিবি (৭০) বলেন, ‘হামরা গরিব মানুষ মোটা কাপড় কেনার পাইসা নাই।’ নাগেশ্বরী বদিজামালপুর হিন্দু পাড়ায় ২০টি দরিদ্র পরিবার গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে। স্থানীয় বিধবা দিলো বালা (৩৫) ও মেনকা (৪০) জানান, স্থানীয় লোকজন শীতে খুব কষ্ট পাচ্ছে। সদরের চর ভগবতীপুর, প্রথম আলো, রাউলিয়া, রসুলপুর ও নাগেশ্বরীর নুনখাওয়া ব্যাপারির চরে গিয়ে শীতার্ত মানুষের করুণ অবস্থা দেখা যায়। কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে ঢাকায় ২০ হাজার কম্বল চেয়ে ফ্যাক্স পাঠানো হয়েছে। এর মধ্যে মাত্র চার হাজার কম্বল বরাদ্দ এসেছে।গতকাল রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদী তীরবর্তী নাজিরদহ গ্রামে গিয়ে দরিদ্র মানুষের ভোগান্তির কথা জানা যায়। দিনমজুর মজনু মিয়া (৫৫) বলেন, ‘এই দুই দিন ধরে শীতোত কাহিল হয়া পড়ছি।’ রংপুর জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত জেলার আট উপজেলায় চার হাজার কম্বল বিতরণ করা হয়েছে। ৪০ হাজার কম্বল চেয়ে ঢাকায় ফ্যাক্সবার্তা পাঠানো হয়। কিন্তু পাওয়া যায় মাত্র চার হাজার।