কুড়িগ্রামে শীতে জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুদিন সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বিশেষ করে জেলার নদ-নদীর তীরবর্তী এলাকার চর ও দ্বীপ চরে বেশি ঠান্ডা পড়ায় এখানকার মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে গবািদপশুরও।
শহরের রিকশাচালক মোসলেম উদ্দিন বলেন, ‘শীতোত রিকশা চলা যায় না। কুয়াশায় কিছুই দেখা যায় না।’
কুড়িগ্রাম ধরলা নদীর তীর রক্ষা বাঁধের ওপর এলাকার মর্জিনা বেওয়া বলেন, ‘আমরা গরিব মানুষ গরম কাপড়ের অভাবে খুব কষ্ট বাবা।’
উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নের কালীর আলগা চরের হুজুরুন বেওয়া, জামাল শেখ বলেন, ‘হু হু করি বাতাস আসি শরীলোত হানে। খুব কষ্ট গো বাবা।’
কুড়িগ্রাম সদর হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বুধবার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩১ শিশু ও এক বৃদ্ধ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। সদর হাসপাতালে আসা হযরত আলী বলেন, ‘অতিরিক্ত ঠান্ডায় ছেলের ডায়রিয়া হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এ ব্যাপারে জানতে চাইলে কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহিনুর রহমান সরদার বলেন, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে মোট ২০৪ জন রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা ৬০ জন।
এ ব্যাপারে জানতে চাইলে কুড়িগ্রাম আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, এ অঞ্চলের সর্বনিম্ন¤তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।