কুড়িগ্রামে শীতে ১৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফা শৈত্যপ্রবাহে কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এক সপ্তাহে জেলায় বৃদ্ধ, শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। পাঁচ দিন ধরে সূর্যের দেখা নেই। সেই সঙ্গে ঘন কুয়াশা, কনকনে শীত ও হিমেল হাওয়ায় জেলার লক্ষাধিক দরিদ্র মানুষ মানবেতর জীবন যাপন করছে।
পরিস্থিতি মোকাবিলায় জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এক সপ্তাহে শুধু কুড়িগ্রাম সদর হাসপাতালে শীতজনিত রোগে সাত শিশু মারা যায়। তারা হলো: ভূরুঙ্গামারী বাসুরকুটির বাবু (এক দিন), ফুলবাড়ীর হাসি (এক দিন), বড়ভিটার বেবি (এক দিন) ও খড়িবাড়ীর বেবী (এক দিন), সদরের ভোগডাঙ্গার বাবুল (চার দিন) ও টাপুর চরের সানিয়া (দুই দিন) এবং চিলমারীর শাহ জামাল (১৩ দিন)। এ ছাড়া হাসপাতালে প্রায় আড়াই শ শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোক্তার আলী শীতজনিত রোগে সাত শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, তীব্র শীতের কারণে প্রতিদিন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।
গতকাল বুধবার ভোরে তীব্র শীতে মারা যান নিয়ামত (৫২) নামের এক ভিক্ষুক। তাঁর বাড়ি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রতাপ পাঠানপাড়া এলাকায়। নিয়ামতের ভাই নিজামত জানান, শীতের কারণে নিয়ামতের মৃত্যু হয়েছে।
গত সোমবার রাজিবপুর সদর ইউনিয়নের বালিয়ামারী গ্রামে কোল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান আমিনা (৭৫) এবং মাদ্রাসাপাড়ার ছুবুরা খাতুন (৪৫) ও গড়াইমারী গ্রামের ফরজ আলী (৭০)। রৌমারীতে শীতজনিত রোগে সাব্বির (সাত মাস) নামের এক শিশু ও আয়শা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধ মারা যান।
অন্যদিকে শীতের কারণে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান একেবারেই শিক্ষার্থীশূন্য থাকে, বিশেষ করে চরাঞ্চলে। রাজিবপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন জানান, ‘এই শীতে আমাদেরই স্কুলে আসতে ইচ্ছে করে না। আর ছোট ছোট ছেলেমেয়েরা কীভাবে আসবে? শৈত্যপ্রবাহের কারণে গবাদিপশু মারা যাওয়ার খবরও পাওয়া গেছে।
এ প্রসঙ্গে রাজিবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, তীব্র ঠান্ডায় হাঁস-মুরগিসহ গবাদিপশু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ঘন কুয়াশা ও রাতভর বৃষ্টির মতো কুয়াশা পড়ায় সরিষাখেতের ফুল ঝরে পড়ছে এবং ইরি-বোরো ধানের চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীতে নৌচলাচল বিঘ্নিত হচ্ছে। এতে চরাঞ্চলের মানুষ বিপাকে পড়ছে।
সিভিল সার্জন লোকমান হাকীম জানান, তীব্র শীতের কারণে হাইপার টেনশন, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া ৮৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক এ বি এম আজাদ জানান, জরুরি ভিত্তিতে ১০ হাজার কম্বল চেয়ে ঢাকায় ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে। ইতিমধ্যে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।