কুড়িগ্রামে শেষ মুহূর্তে জমল নির্বাচনী প্রচার

দশম জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র দুদিন। আর প্রচার-প্রচারণা শেষ আজকেই। নির্বাচনের এই শেষ মুহূর্তে এসে কুড়িগ্রামে কিছুটা জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এত দিন প্রার্থীরা সেভাবে প্রচার-প্রচারণা না চালালেও আজ বৃহস্পতিবার প্রচারণার শেষ দিনে সব প্রার্থীই ভোটার ও নেতা-কর্মীদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। তবে এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রচারণায় স্থানীয় বিএনপির একটি অংশ কাজ করছে বলে জানা গেছে।
কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হয়ে গেছেন। আর নির্বাচন হচ্ছে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী) ও কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারির একাংশ) আসনে। কুড়িগ্রাম-১ আসনে চার লাখ ১০ হাজার ২২১ জন ও কুড়িগ্রাম-৪ আসনে দুই লাখ ছয় হাজার ৩৪ জন ভোটার আছেন।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অন্যতম বাজার গঙ্গারহাট থেকে মোটরসাইকেলে করে ভুরুঙ্গামারী আসার পথে ৩৮ কিলোমিটার সড়কে সেভাবে কোনো নির্বাচনী পোস্টার চোখে পড়েনি। তবে ভুরুঙ্গামারী থানার সামনে গিয়ে চোখে পড়ল আনসারের কয়েক হাজার সদস্য। আর সেটি দেখা বোঝা গেলো নির্বাচনের প্রস্তুতি চলছে।
ভুুরুঙ্গামারী উপজেলা আনসারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ কুমার স্যানাল ‘প্রথম আলো’কে বলেন, ‘উপজেলায় এক হাজার ৫৪৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। কে কোথায় দায়িত্ব পালন করবেন, তা কাল শুক্রবার ঠিক করা হবে।’
থানার কিছুটা সামনেই নেহালউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে চোখে পড়ল, কুড়িগ্রাম-১ আসনের তিনবারের সাংসদ জাতীয় পার্টির প্রার্থী এ কে এম মোস্তাফিজুর রহমান নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। কে কোন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, সেই নির্দেশনাও দিচ্ছেন তিনি। মোস্তাফিজুর লাঙ্গল প্রতীকে এখানে নির্বাচন করছেন।
এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে তালা মার্কা নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী আবদুল হাই। এ ছাড়া জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) প্রার্থী আবদুর রশিদ নির্বাচন করছেন সাইকেল প্রতীক নিয়ে। এলাকার লোকজন জানিয়েছেন, এখানে লাঙ্গলের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তালার। সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হাই এলাকায় বেশ জনপ্রিয়। আজ তিনি জয়মনিরহাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। স্থানীয় বিএনপির একটি অংশও তাঁর সঙ্গে কাজ করছে।
ভুরুঙ্গামারীর স্থানীয় ব্যবসায়ী গোলাম মোস্তফা ‘প্রথম আলো’কে বলেন, ‘এত দিন প্রার্থীদের দেখিনি। শেষ মুহূর্তে এসে নির্বাচন হচ্ছে। আমার মনে হয় লাঙ্গলের সঙ্গে তালার লড়াই জমবে।’
এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি গত তিন বছরে অনেক কাজ করেছি। লোকজন আমাকেই ভোট দেবে।’ তবে স্বতন্ত্র প্রার্থী আবদুল হাই বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি জিতে যাব বলে আশা করি।’
কুড়িগ্রাম-৪ আসনে বর্তমান সাংসদ জাকির হোসেন আবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই আসনে বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেপির প্রার্থী রুহুল আমিন। এ ছাড়া হাঁস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আবদুল মোতালেব। এখানেও আজ নির্বাচনী প্রচারণা জমে ওঠে। জাকির হোসেন ও রুহুল আমিন দুই প্রার্থীই আজ রৌমারী এলাকায় প্রচারণা চালিয়েছেন।
এলাকাবাসী বলছেন, এখানে নৌকা ও বাইসাইকেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ বিএনপি নির্বাচনে না থাকলেও তৃণমূলের নেতা-কর্মীরা ও আওয়ামী লীগের একটি অংশ রুহুল আমিনকে সমর্থন দিচ্ছে।
রাজীবপুর উপজেলার মোহনগঞ্জের কলেজছাত্র মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এলাকার অনেক লোকজন রুহুল আমিনের পেছনে ছুটছেন। জামায়াতের একটি অংশও তাঁকে সমর্থন দিচ্ছে। কাজেই তিনি জিততে পারেন।’
জেলা রিটার্নিং কর্মকর্তা এ বি এম আজাদ বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের সব প্রস্তুতি আমরা শেষ করেছি। আশা করি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।’